নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ইউসুফ হোসেন ওরফে লিটন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ত্বকী হত্যা মামলায় এর আগে লিটনের চাচাতো ভাই রিফাত বিন ওসমানকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে নারায়ণগঞ্জ নগরে ওসমান পরিবারের আলোচিত নির্যাতন কেন্দ্রগুলো (টর্চার সেল) বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। এই দাবি জানিয়ে ত্বকী মঞ্চের নেতারা গতকাল দুপুরে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে একটি চিঠি দেন।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া লিটনের বাড়ি নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায়। তাঁকে জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমান ও আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানের বিভিন্ন সভা-সমাবেশ ও মিছিলে নিয়মিত দেখা যেত। ত্বকী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের বলেন, গত সোমবার বিকেলে শহরের চারারগোপ এলাকা থেকে লিটনকে আটক করা হয়। তাঁকে ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে লিটনের স্ত্রী মিতু বেগম এর আগে পুলিশ সুপারসহ বিভিন্নজনের কাছে লিখিত অভিযোগ করেছিলেন, নারায়ণগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গত ২৯ মার্চ লিটনকে ময়মনসিংহ থেকে তুলে নিয়ে এসেছে। এরপর তাঁকে শহরের খানপুরে জেলা ডিবি কার্যালয়ে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।নির্যাতন কেন্দ্র বন্ধের দাবি: পুলিশ সুপারকে দেওয়া চিঠিতে অভিযোগ করা হয়, সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান, সাবেক সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান কয়েক বছর ধরে নারায়ণগঞ্জ নগরে কয়েকটি নির্যাতন কেন্দ্র চালাচ্ছেন। নগরের ৩৮/৪ আল্লামা ইকবাল রোডে (কলেজ রোডে) উইনার ফ্যাশন সাইনবোর্ড লাগানো টিনশেড ঘর (সরকারি তোলারাম কলেজের দক্ষিণ পাশে), তার পাশের আবাসিক ভবনে দেওয়ান মঞ্জিলের সপ্তম তলায় একটি ফ্ল্যাট, জামতলা ধোপাপট্টির হীরা কমিউনিটি সেন্টার, উত্তর চাষাঢ়ার বন্ধুসঞ্চৃতি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের আবাসিক বাড়ির চতুর্থ তলা (আজমেরী ওসমানের বন্ধু হীরাদের বাড়ি), নবাব সিরাজউদ্দৌলা সড়কের চারারগোপে নির্মাণাধীন বহুতল ভবন দেলোয়ার টাওয়ারের একটি কক্ষসহ আরও কয়েকটি স্থানে নির্যাতন কেন্দ্র বানিয়ে ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন চালানো হচ্ছে। এ ছাড়া উত্তর চাষাঢ়ায় নাসিম-শামীম ওসমানদের পৈতৃক বাড়ি হীরা মহলের নিচতলা ২০১০ সাল থেকে নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহূত হচ্ছে। হীরা মহলের নিচতলায় আগে বড় জানালা থাকলেও নির্যাতনের শিকার মানুষের আর্তনাদ যাতে বাইরের মানুষ শুনতে না পায় সে জন্য জানালাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, ৩৮/৪ আল্লামা ইকবাল রোডের নির্যাতন কেন্দ্রে ত্বকীকে অপহরণের পর নির্মম নির্যাতন চালানো হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ২০১১ সালের জুন মাসে নিহত ব্যবসায়ী আশিক ইসলামকেও এই নির্যাতন কেন্দ্রে হত্যা করা হয়। এসব নির্যাতন কেন্দ্রের আশপাশের মানুষ প্রায় রাতেই গুলি, বোমার শব্দ, মানুষের হাহাজারি, আর্তনাদ শুনতে পেলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। ত্বকী হত্যার পরে বিভিন্ন গণমাধ্যমে এসব নির্যাতন কেন্দ্র সম্পর্কে সচিত্র প্রতিবেদন প্রচারিত হয়েছে। এসব নির্যাতন কেন্দ্র দ্রুত বন্ধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে পুলিশ সুপারকে অনুরোধ জানানো হয়। চিঠিটি গ্রহণ করে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ত্বকী হত্যাকাণ্ডের পর নির্যাতন কেন্দ্র সম্পর্কে যেসব তথ্য গণমাধ্যমে এসেছে তা পুলিশ খতিয়ে দেখছে। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের দেওয়া নির্যাতন কেন্দ্রের তালিকা পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। নির্যাতন কেন্দ্রের ব্যাপারে ওসমান পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।