নারায়ণগঞ্জের নৈসর্গিক উদ্যান জিন্দাপার্ক রক্ষার দাবি
দেশের প্রবীণ রাজনীতিক ও পরিবেশকর্মীরা বাংলাদেশের অন্যতম ‘ফুসফুস’ জিন্দাপার্ক রক্ষার দাবি জানিয়েছেন। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে অবস্থিত নৈসর্গিক উদ্যান জিন্দা গ্রামে জিন্দাপার্ক পরিদর্শন শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তাঁরা এ দাবি জানান।
পরিদর্শনে আসা এই প্রতিনিধিদলে ছিলেন, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসিত বরণ রায়, সম্মিলিত সামাজিক আন্দোলনের সহসভাপতি রাজিয়া সামাদ ও গবেষক রাখী ম্রং।
এলাকাবাসীর পক্ষে দাউদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য বেলায়েত হোসেন, জিন্দাপার্ক পরিচালিত অগ্রপথিক পল্লী উন্নয়ন সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক তবারক হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘রূপগঞ্জে গড়ে ওঠা জিন্দাপার্ক বাংলাদেশের ক্ষুদ্র শান্তিনিকেতন। এটি বাংলাদেশের অন্যতম ফুসফুস। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা নদীর মতো এই প্রাকৃতিক উদ্যানকেও আমাদের রক্ষা করতে হবে। স্থানীয় বাসিন্দাদের গ্রামে ৩৪ বছরে গড়ে ওঠা এই প্রাকৃতিক উদ্যানকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এখন ভূমিদস্যুদের কাছে প্লট করে বিক্রি করতে চায়। কিন্তু এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুললে রাজউক তা কোনো দিনই করতে পারবে না।’
পার্কের উদ্যোক্তা তবারক হোসাইন বলেন, ‘জিন্দাপার্ক শুধু পার্ক নয়, এটি সমাজকল্যাণ সংগঠনের একটি সামাজিক অবকাঠামো। কিন্তু রাজউক আমাদের এই সামাজিক কাঠামো থেকে উচ্ছেদ করতে চায়।’ তিনি আরও বলেন, ‘রাজউক নিজেই বলেছে, জিন্দাপার্ক বৈধ। জিন্দাপার্ক বৈধ হলে পার্কের পরিচালকেরা অবৈধ হন কীভাবে? এ ব্যাপারে উচ্চ আদালতে মামলা চলতে থাকা অবস্থায় রাজউক উচ্ছেদের নোটিশ দিয়েছে। সুতরাং তাদের এ নোটিশ অবৈধ।’ তিনি রাজউকের উচ্ছেদ কার্যক্রম প্রতিরোধ করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
গত ২৭ ফেব্রুয়ারি রাজউক সচিব স্বাক্ষরিত নোটিশে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৩০ নম্বর সেক্টরে অবৈধ দখলদার উচ্ছেদের লক্ষ্যে ২ মার্চ সকাল নয়টায় রাজউক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চালানোর কথা উল্লেখ করা হয়। একই সঙ্গে উচ্ছেদ কার্যক্রমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন পুলিশ মোতায়েনের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।
১৯৮১ সাল থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দা এলাকায় প্রায় ১০০ বিঘা জমির ওপর অগ্রপথিক পল্লী সমিতির প্রায় পাঁচ হাজার সদস্য জিন্দাপার্ক গড়ে তোলেন। সেখানে এলাকার কয়েক শ সদস্য দৃষ্টিনন্দন নৈসর্গিক পার্ক নির্মাণ করেন। পার্কের ভেতরে পাঁচটি জলাশয়, ৫০০ প্রজাতির বনজ, ফলদ, ঔষধিসহ কয়েক লাখ গাছ রয়েছে। আছে স্কুল, মসজিদ, পাঠাগার, কটেজ, অফিসসহ বেশ কয়েকটি স্থাপনা। পূর্বাচল শহর উন্নয়নের নামে রাজউক জিন্দাপার্কটি অধিগ্রহণ করে নেয়। পরে দরপত্রের মধ্যে একটি কোম্পানিকে রাজউক পার্কটি লিজ দেয়। অগ্রপথিক পল্লী সমিতির লোকজন পার্কটি অন্যদের কাছে না দিয়ে তাঁদের কাছে লিজ দেওয়ার জন্য উচ্চ আদালতে মামলা দায়ের করেন।