নারায়ণগঞ্জের নয়টি ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হবে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অন্তত নয়টি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।সাখাওয়াত হোসেন আরও বলেন, যেসব ওয়ার্ডে ইভিএম ব্যবহার হবে না, এর অন্তত ২৫ শতাংশ ওয়ার্ডের ভোটকেন্দ্রে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ব্যবহার করা হবে। এ ছাড়া নতুন বিধান অনুযায়ী, প্রত্যেক প্রার্থীকে প্রতি সপ্তাহে তাঁদের ব্যয়ের হিসাব তদারকি কমিটির কাছে জমা দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড ও দুর্নীতি দমন কমিশনের জেলা পর্যায়ের কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) নিয়ে এ কমিটি গঠন করা হবে।সাখাওয়াত হোসেন বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, তার সবই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নেওয়া হবে।আগামীকাল বৃহস্পতিবার নতুন গঠিত এই সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে এম সাখাওয়াত হোসেন জানান। তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন যেমন সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে, নারায়ণগঞ্জের নির্বাচনও তেমনই হবে বলে আশা করি।