নারায়ণগঞ্জের পরিবহন ব্যবস্থা ‘মাফিয়া সিন্ডিকেটের’ কাছে জিম্মি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতারা অভিযোগ করেছেন, নারায়ণগঞ্জের পরিবহনব্যবস্থা ‘মাফিয়া সিন্ডিকেটের’ কাছে জিম্মি হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের আলী আহম্মদ চুনকা পৌর পাঠাগার চত্বরে এক সমাবেশে তাঁরা এ অভিযোগ করেন। ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সিপিবির নেতা দুলাল সাহা, বাসদের নেতা মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, কৃষক লীগ নেতা রোকনউদ্দিন আহম্মেদ, ওয়ার্কার্স পার্টির নেতা হিমাংশু সাহা প্রমুখ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পরিবহন মালিকেরা ভাড়া বাবদ যে পরিমাণ অর্থ আয় করেন, তার অর্ধেকেরও বেশি টাকা একটি পরিবহন সিন্ডিকেটকে চাঁদা দিতে হয়। স্থানীয় প্রশাসন তা দেখেও নীরবতা পালন করছে। তাঁরা ২০ জুন বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবিতে ডাকা আধাবেলার হরতাল সফল করার জন্য নারায়ণগঞ্জের সব পেশার মানুষের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে হরতাল সফল করার লক্ষ্যে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।