নারায়ণগঞ্জের পাঁচ উপজেলার ৩৮ ইউপির তফসিল ঘোষণা
নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার ৪১টির ইউনিয়নের মধ্যে ৩৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন এই তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, আগামী ৯ জুন সদর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের মধ্য দিয়ে জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে। শেষ হবে আগামী ২৯ জুন বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের মধ্য দিয়ে।তফসিল অনুযায়ী, সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন বাদে আলীরটেক, বক্তাবলী, কুতুবপুর, কাশীপুর, গোগনগর ও এনায়েত নগর ইউনিয়নে প্রার্থীদের মনোনয়নের শেষ তারিখ আগামী ৯ মে। বাছাই ১২ ও ১৩ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ২৪ মে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ জুন। হাইকোর্টে সীমানাসংক্রান্ত মামলা থাকায় ফতুল্লা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে না।রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল, ভুলতা, দাউদপুর, ভোলাব, মুড়াপাড়া, রূপগঞ্জ ও কায়েতপাড়া ইউনিয়নের প্রার্থীরা আগামী ১২ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ১৫ ও ১৬ মে বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৭ মে। ১২ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।আড়াইহাজার উপজেলার সদাসদি ও আড়াইহাজার ইউনিয়ন পরিষদ বাদে সাতগ্রাম, দুপ্তারা, ব্রাহ্মণদী, ফতেহপুর, মাহমুদপুর, হাইজাদী, বিশনন্দী, কালাপাহাড়িয়া, খাগকান্দা ও উচিৎপুরা ইউনিয়নে আগামী ২৩ মে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করবেন। ২৬ ও ২৭ মে বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ জুন। ২৩ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।সোনারগাঁ উপজেলার সব কটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার বৈদ্যের বাজার, বারদী, নোয়াগাঁও, জামপুর, পিরোজপুর, সনমান্দি, মোগড়াপাড়া, সাদীপুর, শম্ভুপুরা ও কাঁচপুর ইউনিয়নের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৬ মে। ২৯ ও ৩০ মে বাছাই এবং ১০ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। আগামী ২৬ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বন্দর উপজেলার সব কটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কলাগাছিয়া, বন্দর, মুছাপুর, মদনপুর ও ধামগড় ইউনিয়নের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২৯ মে। ১ ও ২ জুন বাছাই এবং ১৩ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। আগামী ২৯ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।