নারায়ণগঞ্জের পুলিশ সুপারসহ দায়িত্বশীল কর্মকর্তাদের বদলির সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের কাউন্সিলরসহ সাতজনকে অপহরণের ঘটনার পরিপ্রেক্ষিতে ‘সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থতার’ দায়ে পুলিশ সুপারসহ (এসপি) ওই জেলার র‌্যাব-পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের বদলির সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সভা-সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রধানেরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালকেও বদলি করার বিষয়ে আলাপ-আলোচনা চলছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের সূত্র একটি জানিয়েছে।
বৈঠক-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের এসপিসহ ওই জেলার দায়িত্বশীল অন্যান্য কর্মকর্তাকে দ্রুত সেখান থেকে বদলির নির্দেশ দিয়েছেন। বৈঠকে নারায়ণগঞ্জের এসপিসহ মোট ছয়জন এসপির বদলির প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এরপর বিকেলে ওই প্রস্তাবে স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমেদ সই করেন। রাতে প্রস্তাবটি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে পাঠানো হয়। আজ বুধবার সকালে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর কথা রয়েছে।
বৈঠক-সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো জানায়, বৈঠকে কোনো বাহিনী গুম ও অপহরণের দায় নিতে রাজি হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, গুম-অপহরণ অতীতেও হয়েছে, এখনো হচ্ছে। এসব বন্ধে তাঁরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। নারায়ণগঞ্জে সম্প্রতি অপহরণ ও গুমের ঘটনায় বেড়ে যাওয়ায় বৈঠকে শঙ্কা প্রকাশ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ গুম বা অপহরণ করেনি। এটা ব্যক্তিগত কারণে হতে পারে, মামলার এজাহারেও এমনটা উল্লেখ করা হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন। তিনি আরও বলেন, গুম-অপহরণ নিয়ে মানুষের মনে আতঙ্ক রয়েছে। এসব বন্ধে এখনই শক্ত পদক্ষেপ না নিলে এসব ঘটনায় জনগণের মধ্যে ভুল বার্তা যাবে। এসব অপহরণের কারণ উদ্ঘাটন এবং তাঁদের উদ্ধারে পদক্ষেপ নিতে হবে। এসব অপরাধের বিরুদ্ধে দৃশ্যমান তৎপরতা দেখাতে না পারলে সংশ্লিষ্ট এলাকার কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠকে ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরের প্রবেশপথে ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তল্লাশিচৌকি বসানো এবং পুলিশ ও র‌্যাবের টহল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মহাসড়কের পাশের বড় ভবনের সামনে ক্লোজ সার্কিট ক্যামেরা বসাতে সংশ্লিষ্ট ভবনের মালিকদের চিঠি দেওয়া এবং মাইক্রোবাসে অস্বচ্ছ কাচ ব্যবহার বন্ধের উদ্যোগ নিতে বলা হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈঠকে বলা হয়, বেশির ভাগ ঘটনার পর্যালোচনায় দেখা যায়, র‌্যাব পরিচয়ে সাদাপোশাকে মাইক্রোবাসে করে তুলে নেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমে আসছে। তাই গুমের ঘটনায় র‌্যাবের আসলেই ভূমিকা রয়েছে কি না, বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। তখন র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, অপহরণ বা গুমের ঘটনায় র‌্যাবের সংশ্লিষ্টতা নেই। মাঝেমধ্যে তদন্তের খাতিরে কাউকে আটক করা হলেও তদন্ত কার্যক্রম শেষ হলে ছেড়ে দেওয়া হয় অথবা আইনি প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হয়। আপাতত র‌্যাবের হাতে কেউ বন্দী অবস্থায় নেই বলেও সভায় জানানো হয়। সভায় গত শনিবার রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে মা-মেয়েসহ গাড়ি ছিনতাই করার ঘটনা নিয়েও আলোচনা হয়।
পরে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, গতকালের বৈঠকে বিভিন্ন অপহরণের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জে পর পর কয়েকটি অপহরণের ঘটনা ঘটেছে। এ জন্য সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এও বলেন, গুম ও অপহরণ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিছু লোকজন এ নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে। এ দেশে অপহরণ নতুন ঘটনা নয়।
সম্প্রতি পর পর কয়েকটি ঘটনার কারণ জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এসব বিচ্ছিন্ন ঘটনা। তিনি বলেন, সন্ত্রাসীরা নতুন নতুন পন্থা অবলম্বন করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গুম-অপহরণ তাদের নতুন পন্থা। সরকার এখন থেকে অপহরণকারীদের ধরার জন্য নতুন নতুন পদ্ধতি নিয়ে কাজ করবে। অপহূত ব্যক্তিদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট রয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অগ্রগতি সন্তোষজনক।