নারায়ণগঞ্জের বন্দরে পানির তীব্র সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দরে ওয়াসার পানি পরিশোধনাগারের একটি পাম্প বিকল হয়ে গেছে। এতে উপজেলার কয়েকটি এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে হাজারো পরিবার বিপাকে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ, ওয়াসা কর্তৃপক্ষের অবহেলার কারণে গত সোমবার বিকেল থেকে পানির সরবরাহ বন্ধ রয়েছে। এতে কয়েকটি এলাকায় পানিসংকট চলছে। তবে ওয়াসা জানিয়েছে, পাম্প মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরের সোনাকান্দা, দড়ি সোনাকান্দা, ব্যাপারীপাড়া, ফরাজিকান্দাসহ আশপাশের এলাকার মানুষ ঢাকা ওয়াসার গ্রাহক। কিন্তু এলাকাগুলোতে বিশুদ্ধ পানির তীব্র সংকটের কারণে দুই বছর ধরে এলাকাবাসী মানববন্ধন, ওয়াসার অফিস ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করেন। এলাকাবাসীর আন্দোলনের কারণে কয়েক কোটি টাকা ব্যয়ে সোনাকান্দা পানি শোধনাগার স্থাপন করা হয়। কিন্তু শোধনাগারের পাম্প বিকল হয়ে পানি সরবরাহ বন্ধ রয়েছে। গ্রাহকেরা বারবার ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো ফল পাচ্ছে না। এলাকাবাসী বাধ্য হয়ে সোনাকান্দায় অবস্থিত নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড থেকে পানি সংগ্রহ করছে।

সোনাকান্দা এলাকার গৃহবধূ জয়া আক্তার বলেন, ‘ওয়াসা কয়েক কোটি টাকা ব্যয়ে পানি শোধনাগার নির্মাণ করলেও আমাদের ঠিকমতো পানি সরবরাহ করতে পারছে না। পানিসংকটের কারণে আমাদের জীবন যাপন করা কঠিন হয়ে পড়েছে। প্রচণ্ড গরমের কারণে এ সংকট আরও প্রকট হয়েছে।’

ঢাকা ওয়াসা নারায়ণগঞ্জ মডস জোনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাম্প সরবরাহকারী প্রতিষ্ঠান স্পেয়ার পার্টস (খুচরা যন্ত্রপাতি) দেয়নি। তাই পাম্প ঠিক করার জন্য ঢাকার নবাবপুরে লোক পাঠানো হয়। সেখানে স্পেয়ার পার্টস পাওয়া যায়নি। বাধ্য হয়ে ধোলাইখাল থেকে স্পেয়ার পার্টস বানানোর ফরমাশ দেওয়া হয়েছে। আজ বুধবার নাগাদ এ সমস্যার সমাধান হবে।