নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পানির সংকট
নারায়ণগঞ্জ নগরীর চারটি আবাসিক এলাকায় পানির সংকট চলছে। ২০ দিন ধরে ঢাকা ওয়াসার গভীর নলকূপে পানি না ওঠায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের ইসদাইর অকট্রয় অফিস-সংলগ্ন ওয়াসার পাম্প হাউস এলাকা ছাড়াও পার্শ্ববর্তী মাসদাইর, জামতলা ও শেরেবাংলা রোডে পানি সরবরাহ করা হয়। ওয়াসা গভীর নলকূপের সাহায্যে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে ট্যাংকে সংরক্ষণ করে। পরে তা সরবরাহ করে। ৮ অক্টোবর থেকে ভূগর্ভস্থ পানির স্তর একেবারে নেমে গেছে। পাম্পের সাহায্যে পানি উত্তোলন বন্ধ হয়ে গেছে।
ঢাকা ওয়াসা নারায়ণগঞ্জ মডস জোনের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ইসদাইর পাম্প হাউসের গভীর নলকূপটি ভূগর্ভের সাত শ ফুট গভীর থেকে পানি উত্তোলন করত। বর্তমানে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নেমে গেছে। তাই পানি উত্তোলন বন্ধ রয়েছে। এ নলকূপটির পাশেই এক হাজার ফুট গভীর নলকূপ বসানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।
সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ গতকাল বুধবার বলেন, জামতলা, মাসদাইর, শেরেবাংলা রোড, ইসদাইরের যেসব বাড়িতে গভীর নলকূপ রয়েছে, সেসব বাড়ি থেকে অন্য বাড়ির মানুষেরা পানি সংগ্রহ করে চাহিদা মেটাচ্ছে। এলাকাবাসী ওয়াসার সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর সঙ্গে দেখা করে তাঁকে সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদও দিয়েছেন।