‘নিরাপত্তাহীনতায়’ স্কুলে যাননি
নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তের পুলিশ প্রহরা প্রত্যাহার
নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ কারণে গতকাল বুধবার সকালে স্কুলে যেতে পারেননি তিনি।
শ্যামল কান্তি ভক্তের সঙ্গে বেলা সোয়া ১১টার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, মঙ্গলবার বন্দর থানার এসআই মোখলেছুর রহমান স্কুলে এসে বলেন, পরদিন বুধবার থেকে পুলিশি নিরাপত্তা দেওয়া হবে না। তাঁকে আর স্কুলে না আসার জন্যও বলেন ওই এসআই। শ্যামল কান্তি বলেন, ‘আজ (বুধবার) সকালে পুলিশ আসেনি। তাই নিরাপত্তাহীনতায় বাইরে যেতে পারিনি।’
নারায়ণগঞ্জ সদর মডেল থানার খানপুর এলাকায় পরিবার নিয়ে বাস করেন শ্যামল কান্তি। পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের অবস্থান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী গ্রামে।
পুলিশি নিরাপত্তা প্রত্যাহার সম্পর্কে জানতে চাইলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক বলেন, ‘আপাতত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের পুলিশ প্রহরার দরকার নেই। তাই তাঁর প্রহরা প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া হাইকোর্টে প্রতিবেদনও দাখিল করা হয়েছে। এখন আর তাঁর পুলিশ প্রহরা থাকা প্রয়োজন নেই।’
নারায়ণগঞ্জ সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে পুলিশ ফোর্স নিয়োজিত থাকায় এই মুহূর্তে ফোর্সের সংকট রয়েছে। তাই প্রহরা প্রত্যাহার করা হয়েছে। তবে পুলিশ শ্যামল কান্তির নিরাপত্তার দিকে দৃষ্টি রাখছে।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত বছরের ১৩ মে শ্যামল কান্তিকে বিদ্যালয় প্রাঙ্গণে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় দেশজুড়ে নিন্দা-প্রতিবাদের ঝড় ও দোষীদের শাস্তির দাবি ওঠে। সাংসদ সেলিম ওসমানের বিরুদ্ধে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
স্কুলে না যেতে বলার অভিযোগ অস্বীকার করে এসআই মোখলেছুর রহমান বলেন, ‘আমি মঙ্গলবার স্কুলে গিয়ে শিক্ষক শ্যামল কান্তিকে বলেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আপনাকে আর পুলিশ প্রহরা দেওয়া সম্ভব নয়। আপনি পারলে আদালতের অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ নিয়ে আসেন।’