নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তির মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে মামলা এবং তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে তিনটি হিন্দু সংগঠন। সংগঠনের নেতা-কর্মীরা শ্যামল কান্তির বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ তাঁর নিঃশর্ত মুক্তি চেয়েছেন।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শুক্রবার সকালে মানববন্ধন করে বাংলাদেশ হিন্দু জাতীয় মহাজোটের দুই অংশ। একই দাবিতে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ মানববন্ধন করে।

সমাবেশে হিন্দু জাতীয় মহাজোটের এক অংশের নেতারা বলেন, মিথ্যা অভিযোগে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার পর আবার ঘুষ গ্রহণের মিথ্যা অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এতে দেশের সাধারণ মানুষ শুধু লজ্জিত নয়, আতঙ্কগ্রস্তও।

শ্যামল কান্তি ভক্ত নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। ২০১৬ সালের মে মাসে তাঁকে ধর্মীয় অবমাননার অভিযোগ এনে স্থানীয় সাংসদ সেলিম ওসমানের নির্দেশে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এরপর ঘুষ নেওয়ার অভিযোগে একই বছরের ২৭ জুলাই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

হিন্দু মহাজোটের মানববন্ধন থেকে তিন দিনের মধ্যে শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও তাঁকে মুক্তি দেওয়া না হলে দেশব্যাপী গণ-আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়। সংগঠনের এ অংশের সভাপতি প্রভাস চন্দ্র রায়, নির্বাহী সভাপতি সুকৃতী কুমার মণ্ডল মানববন্ধনে বক্তব্য দেন।

একই দাবিতে প্রেসক্লাবের সামনে হিন্দু মহাজোটের অপর অংশ প্রতিবাদ সমাবেশ করে। সেখানে উপস্থিত ছিলেন শ্যামল কান্তি ভক্তের সহধর্মিণী সবিতা হালদার। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে অনুরোধ, আমার স্বামীকে অনতিবিলম্বে মুক্তি দিন। সে কোনো অন্যায় করেনি। মিথ্যে মামলা দিয়ে তাকে ফাঁসানো হচ্ছে। আমরা খুবই অসহায় অবস্থায় আছি।’

ঘণ্টাব্যাপী এই সমাবেশে দীনবন্ধু রায়, সোনালী দাস প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে সবাই কান ধরে ওঠবস করে প্রতিবাদ জানান।