নারায়ণগঞ্জের শিশু অপহরণ ও মুক্তিপণ আদায়কারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর থেকে পাঁচ মাস আগে দুই বছরের এক শিশুকে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ আদায়কারী সাইফুল ইসলাম (৩৫) নামের এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাঁকে গোপালগঞ্জের মুকসুদপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শহরের চাঁদমারীতে অবস্থিত জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গতকাল রোববার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি, ক অঞ্চল) গোলাম আজাদ সাংবাদিকদের বলেন, বন্দর উপজেলার মদনপুরের চাঁন বাদশার বাড়িতে পাঁচ-ছয় মাস আগে বিল্লাল ও সুরমা স্বামী-স্ত্রী হিসেবে বাড়ি ভাড়া নেন। পরে বিল্লাল তাঁর খালাতো ভাই পরিচয় করিয়ে দিয়ে অপহরণকারী সাইফুল ও তাঁর কথিত স্ত্রী জাহানারাকে ভাড়াটিয়া হিসেবে রাখেন।পরে বিল্লাল ও তাঁর স্ত্রী বাসা ছেড়ে চলে যান। সাইফুল ও জাহানারা ২৭ দিন থাকার পর ২৭ এপ্রিল তাঁরা চাঁন বাদশার দুই বছরের শিশু চাঁদনীকে অপহরণ করে নিয়ে যান। এর এক দিন পর সাইফুলের মুঠোফোন নম্বর থেকে মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করা হয়।পরে আলোচনার মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ দিয়ে ঢাকার মিডফোর্ড হাসপাতাল থেকে চাঁদনীকে উদ্ধার করে নিয়ে আসে তাঁর পরিবারের লোকজন ও পুলিশ। মুঠোফোনে টাকা পাঠানোর ব্যবস্থা বিকাশের সূত্র ধরে অপহরণকারী সাইফুলকে শুক্রবার রাতে মুকসুদপুর থেকে গ্রেপ্তার করা হয়। সাইফুল ওই এলাকার করম আলীর ছেলে।