নারায়ণগঞ্জের সব থানার ওসিকে বদলি করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত অপহরণের ঘটনায় জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হবে। ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক ফারুক আহমেদ জানান, এ ঘটনায় ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে বদলি করা হয়েছে। পর্যায়ক্রমে নারায়ণগঞ্জের সব থানার ওসিকে বদলি করা হবে।

এ ঘটনার পর এখন পর্যন্ত নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল ও জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

একই সঙ্গে র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর আরিফ হোসেন ও নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম এম রানাকে  অবসরে পাঠানো হয়েছে। তিন কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর দুজনকে অকালীন এবং নৌবাহিনীর একজনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

এই সাতজনের অপহরণ-খুনের ঘটনা নিয়ে ভাবমূর্তি সংকটে পড়েছে সরকার। একাধিক মন্ত্রী মনে করেন, সরকার গঠনের পর এর আগে সরকারকে এত বড় চাপের মুখে পড়তে হয়নি। গত সোমবার মন্ত্রিসভা কমিটি ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নারায়ণগঞ্জের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ ঘটনার সার্বিক তদন্তে সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইভাবে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পাশাপাশি ওই ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দিয়ে মামলা তদন্ত করতেও নির্দেশ দেন আদালত। র্যাবের সাবেক বা বর্তমান কোনো সদস্যের সম্পৃক্ততা রয়েছে কি না, এ বিষয়ে বিভাগীয় তদন্ত করতে র্যাবের মহাপরিচালককেও (ডিজি) নির্দেশ দেওয়া হয়েছে।

ছয় কোটি টাকা ঘুষ নিয়ে সাতজনকে অপহরণ ও খুনের ঘটনায় র্যাব সদস্যদের জড়িত থাকার অভিযোগ তদন্ত করতে র্যাবের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চার সদস্যের কমিটির প্রধান হলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক আফতাব উদ্দিন আহমেদ।