নারায়ণগঞ্জের সাত খুন পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনাকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম। ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিলের শুনানিতে অংশ নিয়ে গতকাল বুধবার তিনি এ কথা বলেন।

বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার ২৮তম দিনের মতো শুনানি গ্রহণ করেন। আজ বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা।

এর আগে গত ২২ মে রাষ্ট্রপক্ষের পেপারবুক উপস্থাপনের মধ্য দিয়ে হাইকোর্টে এই মামলার শুনানি শুরু হয়। গতকাল রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে বক্তব্য উপস্থাপন শুরু করেন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার কাজল ও সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। আসামিপক্ষে ছিলেন এস এম শাহজাহান এবং এস এম আবদুল মুবিন।

শুনানির বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, সাত খুনের ঘটনা ঘটে ২৭ এপ্রিল। এর সাত দিন আগে যাঁদের দিয়ে হত্যাকাণ্ড সমাধা করা হবে, যাঁরা টিমে অংশ নেবেন, তাঁদের যাতে অন্য কোনো কাজ না দেওয়া হয় এবং তাঁদের সম্বন্ধে যাতে খোঁজখবর না নেওয়া হয়, সে জন্য ক্যাম্পের ডিউটি বিতরণকারী এক কর্মচারীকে বলা হয়। হত্যাকারীদের ক্যাম্প থেকে বের হওয়া, খুনের শিকার ব্যক্তিদের গাড়ি আটক, মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া, পরে লাশ বের করা, লাশ ট্রলারে করে নিয়ে যাওয়া, ইট ও বালুর বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া—এসব প্রত্যক্ষ সাক্ষীর সাক্ষ্যে এসেছে। এসব অবিশ্বাস করার কারণ নেই। তিনি বলেন, আদালতকে তিনি বলেছেন, যখন দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের হাতে কোনো লোক নিহত হন, তখন এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। সাত খুনের ঘটনায় দুটি মামলা হয়। দুই মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ গত ১৬ জানুয়ারি রায় দেন।