মামলার পিপিকে প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুন মামলার সরকারি কৌঁসুলি (পিপি)-কে প্রত্যাহারের দাবি জানিয়ে সরকা​রকে আইনি নোটিশ দিয়েছেন ​সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। আইন সচিব ও সলিসিটরকে রেজিস্টার্ড ডাকযোগে তিনি এ আইনি নোটিশ পাঠান।

ইউনুছ আলী প্রথম আলোকে বলেন, সাত খুনের মামলায় পিপি আদালত কক্ষ থেকে সাংবাদিকদের বের করে দিয়েছেন। যা দেশের উন্মুক্ত বিচার পদ্ধতির বিরোধী। এ জন্য ৭২ঘণ্টার মধ্যে তাঁকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানানো হয়েছে।

গত সোমবার এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর আগে আসামিপক্ষের আইনজীবীর সঙ্গে একজোট হয়ে আদালতকক্ষ থেকে সাংবাদিকদের বের করে দেন সরকারি কৌঁসুলি (পিপি) এস এম ওয়াজেদ আলী।
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় ২০১৪ সালে দুটি মামলা হয়েছিল। একটির বাদী নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল। নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে গত সোমবার বিজয় কুমার পালের জবানবন্দির মধ্য দিয়ে ওই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

ওই দিন সকাল নয়টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে সাত খুন মামলার ২৩ জন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সকাল সোয়া ১০টার দিকে আসামি সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‍্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মাদ, আরিফ হোসেন, এম এম রানাসহ সব আসামিকে আদালতকক্ষে আসামির কাঠগড়ায় নেওয়া হয়। এ সময় পর্যন্ত সাংবাদিকেরা আদালতকক্ষে ছিলেন। এ মামলার অপর ১২ আসামি পলাতক।
সাড়ে ১০টার দিকে মামলার কার্যক্রম শুরুর কিছুক্ষণ আগে আসামি নূর হোসেনের আইনজীবী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা আদালতকক্ষে উপস্থিত সাংবাদিকদের বের হয়ে যেতে বলেন। কিন্তু তাঁর কথা শুনে কোনো সাংবাদিক বের হননি। পরে পিপি এস এম ওয়াজেদ আলী বলেন, সাক্ষ্য গ্রহণের কার্যক্রম চলাকালে বাদী, আসামি ও আইনজীবী ছাড়া আর কেউ থাকতে পারবেন না বলে আদালতের নির্দেশনা রয়েছে। এর পরপরই সাংবাদিকদের বের করে দেয় পুলিশ। তাৎক্ষণিকভাবে সাংবাদিকেরা এ সিদ্ধান্তের প্রতিবাদ করলেও তাঁরা বের হয়ে যেতে বাধ্য হন।

এরপর বিচারক আসন গ্রহণ করেন। বেলা দেড়টা পর্যন্ত বাদীর সাক্ষ্য গ্রহণের পুরোটা সময় সাংবাদিকেরা আদালতকক্ষের বাইরে ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, সাংবাদিকদের বের করে দেওয়া হলেও মামলা-সংশ্লিষ্ট নন এমন আইনজীবীরা এবং নূর হোসেনের বড় ভাই নূর উদ্দিন আদালতকক্ষে উপস্থিত ছিলেন।

ওই রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলে পিপি ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে ভুল-বোঝাবুঝি হচ্ছে। বিচারকের নির্দেশে আমি আদালতকক্ষে শৃঙ্খলা রাখার জন্য আইনজীবী বাদে বাকিদের কিছুক্ষণের জন্য বাইরে থাকতে বলেছিলাম।’ তিনি দাবি করেন, নূর হোসেনের বড় ভাইকে তিনি চেনেন না। তাই তিনি আদালতকক্ষে ছিলেন কি না, তা বলতে পারবেন না।