নারায়ণঞ্জ বন্দরে এসআইসহ চার পুলিশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেশাদার আচরণের অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতাল পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক মো. মাসুদসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার তাঁদের প্রত্যাহার করার নির্দেশ দেন।
প্রত্যাহার করা অপর তিনজন হলেন কামতাল পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) নেয়ামত উল্লাহ এবং কনস্টেবল আমির হোসেন ও ইউসুফ হোসেন। তাঁদের কাছ থেকে ৯০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, কামতাল পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ ইয়াবা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত—এমন তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন বিষয়টি তদন্তের জন্য নারায়ণগঞ্জ (ক) অঞ্চলের সহকারী পুলিশ সুপার আজিম উল আহসানকে দায়িত্বে দেন। গত বৃহস্পতিবার রাতে আজিম উল আহসানের নেতৃত্বে একদল পুলিশ কামতাল পুলিশ ফাঁড়িতে যায়। তারা ক্রেতা সেজে মাসুদের কাছ থেকে ইয়াবা কিনেন। এ সময় মাসুদের কাছ থেকে ৯০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে এ বিষয় নিয়ে আজিম উল আহসানের সঙ্গে অশোভন আচরণ করেন এসআই মাসুদ।