নারিন্দা পুলিশ ফাঁড়িতে হোটেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারিন্দা পুলিশ ফাঁড়ির জায়গায় এখন বিরিয়ানির দোকান৷ বিরিয়ানির দোকান আর পুলিশ ফাঁড়ির সাইনবোর্ড পাশাপাশি ঝুলছে৷ ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
নারিন্দা পুলিশ ফাঁড়ির জায়গায় এখন বিরিয়ানির দোকান৷ বিরিয়ানির দোকান আর পুলিশ ফাঁড়ির সাইনবোর্ড পাশাপাশি ঝুলছে৷ ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

পুরান ঢাকার নারিন্দা পুলিশ ফাঁড়িটি খুঁজতে গেলে এখন সেখানে একটি বিরিয়ানির দোকান পাওয়া যাবে। বিরিয়ানির দোকান আর পুলিশ ফাঁড়ির সাইনবোর্ড পাশাপাশি ঝুলছে। প্রাচীন এ ফাঁড়ির জায়গায় হোটেল চালু হওয়ায় নিরাপত্তা নিয়ে অসন্তোষ জানিয়েছেন এলাকাবাসী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, নারিন্দা পুলিশ ফাঁড়ি ১৯৫৮ সালে স্থাপিত হয়। ফাঁড়ির জায়গাটি ১৯৬১ সালে পুলিশ বিভাগের অধিকারে আসে। এলাকাবাসী জানান, ফাঁড়ির বর্তমান ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দুই বছর আগেই ফাঁড়ির দপ্তর কাগজীটোলা এলাকায় সরিয়ে নেওয়া হয়।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, ফাঁড়ির জায়গায় ‘সোসাইটি তন্দুরি চিকেন কাবাব অ্যান্ড বিরিয়ানি হাউজ’ নামের একটি সাইনবোর্ড ঝুলছে। এলাকাবাসী জানান, চার-পাঁচ মাস আগে ফাঁড়ির জায়গায় বিরিয়ানির দোকান চালু হয়।
এলাকার প্রবীণ অধিবাসী এ টি এম আমিনুল ইসলাম বলেন, ‘এই ফাঁড়িটা এলাকার একটা ঐতিহ্য, ল্যান্ডমার্ক। কাউরে ঠিকানা চিনাইতে গেলে এই ফাঁড়ি দিয়া বুঝাইতাম। এত পুরান ফাঁড়ি হোটেল হয়া গেল। মহল্লার নিরাপত্তাও সমস্যায় পড়ল। কেউ কিছু কইল না।’
বিরিয়ানি হাউসে গিয়ে দোকানটির মালিকের খোঁজ করা হলে কাউন্টারে বসা কর্মচারী বলেন, পাশের তানয়ীম’স হোটেলে তাঁদের ‘মহাজন’ বসেন।

ফাঁড়ির পাশের এক দোকানমালিক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ফাঁড়ি এখান থেকে উঠে যাওয়ার পর অনেক দিন ধরেই তানয়ীম’স রেস্তোরাঁর মালিক ফাঁড়ির জায়গাটি নিতে চাইছিলেন। চার থেকে পাঁচ মাস আগে তাঁরা জায়গাটি পান।

তবে তানয়ীম’স রেস্তোরাঁর ব্যবস্থাপক ছফিরউদ্দিন ফজল বলেন, ‘এইটা পুলিশের হোটেল, আমাদের না। হোটেল করার সময় পুলিশ আমাদের পরামর্শ চাইছে। আমরা কিছু স্টাফ দিয়া সাহায্য করছি।’

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের ওয়ারী জোনের উপকমিশনার সৈয়দ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফাঁড়ির জায়গাটি তাঁরা ভাড়া দিয়েছেন। ভাড়ার আয় পুলিশের কাজেই ব্যয় হবে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ফাঁড়ির জায়গায় নতুন ভবন নির্মাণ করা হবে৷ তাই ফাঁড়ির দপ্তর অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ভবন নির্মাণের পর ফাঁড়ি আগের জায়গায় ফিরে যাবে। তিনি বলেন, ‘গণপূর্ত অধিদপ্তর থেকে ইতিমধ্যে টেন্ডার ঘোষণা করা হয়েছে। ১ কোটি ৮ লাখ টাকার বাজেটও বরাদ্দ হয়ে গেছে। কাজ শুরু হলে হোটেল সরিয়ে ফেলা হবে।’