নারিন্দা শিশুপার্ক তালিকায় আছে, বাস্তবে নেই

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়েবসাইটে পার্কগুলোর তালিকায় ৩ নম্বরে আছে ‘নারিন্দা শিশুপার্ক’। কিন্তু আদতে এখন সেখানে কোনো পার্ক নেই। ফলে শিশুদের জন্য কোনো খেলার ব্যবস্থাও নেই। পার্কের জায়গায় গড়ে উঠেছে একাধিক সরকারি ভবন।
নারিন্দা শিশুপার্কের অবস্থান দক্ষিণ সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডে, নারিন্দা বিনাত বিবি মসজিদের পাশে। তবে কেউ বলে না দিলে সেটিকে শিশুপার্ক বলে চেনার উপায় নেই। পার্কের প্রবেশপথে নেই কোনো সাইনবোর্ড বা নামফলক।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার এক প্রবীণ বাসিন্দা বলেন, ‘একসময় ছিল। এখন আর পার্ক-টার্ক কিছু নাই। ক্লাবের অফিস আছে। কাউন্সিলরা আড্ডা দেয়। ধীরে ধীরে এটা ব্যক্তিগত দখলে চলে যাচ্ছে।’
এলাকার অধিবাসী রুবেল আলম বললেন, নব্বইয়ের দশকে নারিন্দা পার্কে তিনি খেলাধুলা করেছেন। তখন পার্কে স্লিপার, দোলনাসহ শিশুদের বিনোদনের নানা ব্যবস্থা ছিল বলে উল্লেখ করেন তিনি।
গত রোববার গিয়ে দেখা যায়, পার্কের জায়গায় গড়ে উঠেছে সিটি করপোরেশনের দোতলা ভবন। এর নিচতলায় ‘নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাব’ নামে একটি স্থানীয় ক্লাবের অফিস। একপাশে ঢাকা ওয়াসার একটি একতলা স্টাফ কোয়ার্টার। বিনত বিবির মসজিদের সম্প্রসারিত অংশও পার্কের সীমানায় ঢুকে গেছে।
জানতে চাইলে নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজিমুদ্দিন বলেন, প্রায় ২০ বছর ধরে তারা এই ভবনে ক্লাবের কার্যক্রম চালাচ্ছেন। সাবেক ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলী তাঁদের এখানে জায়গা দিয়েছেন। এর জন্য তাঁদের কোনো ভাড়া দিতে হয় না। তিনি বলেন, এই ক্লাব থেকে সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম চালানো হয়। সিটি করপোরেশন ভবনটিও তাঁরাই দেখভাল করেন।
সিটি করপোরেশনের ভবন স্থানীয় ক্লাবের স্থায়ী অফিস হিসেবে ব্যবহারের বৈধতা সম্পর্কে প্রশ্ন করা হলে নাজিমুদ্দিন বলেন, ‘আমরা রেজিস্টার্ড ক্লাব। আমরা তো সরকারকে টাকা দিচ্ছি।’ দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বিজয় কৃষ্ণ দেবনাথ বলেন, ‘আমার জানামতে নারিন্দায় কোনো শিশুপার্ক নেই। একসময় হয়তো ছিল। তাই তালিকায় সেই নাম রয়ে গেছে।’
পার্কে স্থানীয় ক্লাবের অফিস সম্পর্কে বিজয় কৃষ্ণ বলেন, ভাড়া না নিয়ে সিটি করপোরেশনের স্থাপনা কোনো প্রতিষ্ঠানের পক্ষে এভাবে ব্যবহারের সুযোগ নেই।