নারী অধিকার আদায়ে পুরুষকে এগিয়ে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে শিক্ষা, জাতীয় সংসদে অংশগ্রহণসহ বিভিন্ন ক্ষেত্রেই নারীর অর্জন অস্বীকার করার উপায় নেই। তবে এগিয়ে গেলেও নারী পরিবার বা রাষ্ট্রীয় পর্যায়ে সেভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন সূচকেই বাংলাদেশ এগিয়ে। অন্যদিকে নারী নির্যাতনের দিক থেকে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ এগিয়ে আছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারীর শ্রমের মূল্যায়ন, নারীর কাজের স্বীকৃতি দেওয়া এখনো দেশের জন্য বড় চ্যালেঞ্জ। তাই নারীর অধিকার অর্জনে যেতে হবে বহুদূর। নিতে হবে নানান কৌশল।
আজ রোববার জেন্ডার ও উন্নয়নবিষয়ক ‘জেন্ডার, ডাইভারসিটি অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনের আলোচনায় আলোচকেরা এ বিষয়গুলোতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, নারীর অধিকার আদায়ে শুধু নারী নিজে চিৎকার করলেই হবে না, এ ক্ষেত্রে পুরুষদেরও এগিয়ে আসতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এ সম্মেলনের আয়োজন করে। এতে সহায়তা করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ, ইউএসএআইডি, মানুষের জন্য ফাউন্ডেশন, কেয়ারসহ বিভিন্ন সংস্থা। তিন দিনব্যাপী আন্তর্জাতিক এ সম্মেলন শুরু হয় গত শুক্রবার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট হলে বিকেলে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং বিশেষ অতিথি হিসেবে সচিব তারিক-উল ইসলামের উপস্থিত থাকার কথা ছিল। তবে তাঁদের দুজনের একজনও উপস্থিত ছিলেন না। সমাপনী অধিবেশনের আগে সিনেট হলেই অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকের বক্তারা বলেন, বিভিন্ন দেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়গুলো ‘স্ট্যাটাস’ এর দিক থেকে অন্যান্য মন্ত্রণালয়ের চেয়ে পিছিয়ে থাকে। গুরুত্বপূর্ণ কোনো সম্মেলন বা অনুষ্ঠানে মন্ত্রী বা সচিব উপস্থিত থাকতে পারেন না, বা এমন প্রতিনিধিকে পাঠান যাঁর পক্ষে তেমন কিছু বলা সম্ভব হয় না।
সমাপনী অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া স্বাগত বক্তব্যে বলেন, ‘আমি পুরুষ। তবে আমি পুরুষের পক্ষে নই। আমি নারীর পক্ষে।’ এ পর্বে সভাপতিত্ব করেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান তানিয়া হক।
সমাপনী অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো রওনক জাহান বলেন, কয়েক দিন আগেই জাতীয় সংসদের একজন পুরুষ সাংসদ পুরুষ নির্যাতন প্রতিরোধে একটি আইন প্রণয়নের দাবি তুলেছেন। তার মানে নারীর অধিকার আদায়ে যেতে হবে আরও বহুদূর। এর আগে গোলটেবিল বৈঠকে তিনি বলেন, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনসহ নারীর অংশগ্রহণ বেড়েছে। কিন্তু অংশগ্রহণ বাড়লেও নারীর সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা সীমিত। তিনি বাল্যবিবাহের ক্ষেত্রে মেয়ের ন্যূনতম বয়স কমানোর সরকারি প্রচেষ্টাকে ‘স্টুপিড আইডিয়া’ বলে অভিহিত করেন।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, বেশির ভাগ ক্ষেত্রেই নারীর শ্রমের কোনো মূল্য দেওয়া হয় না। নারীর কাজের স্বীকৃতি ও মূল্যায়ন নেই। আর এর ফলেই নারীর ওপর নির্যাতন কমছে না।
ইংরেজি দৈনিক দি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, সমাজে নারী পুরুষের মধ্যে বৈষম্য থাকলে একটি স্বাস্থ্যবান সমাজ গড়া সম্ভব না। একইভাবে তা কখনোই গণতান্ত্রিক সমাজ হিসেবে দাবি করতে পারবে না।
গোলটেবিল বৈঠকে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, বাংলাদেশ ভালো ভালো নীতি ও আইন প্রণয়নের জন্য প্রশংসিত। তবে সেসব নীতি ও আইনের বেশির ভাগই বাস্তবায়িত হয় না। তিনি ১৯৯৭ সালের জাতীয় নারী উন্নয়ন নীতিকে পরবর্তী ২০০৪ সালের সরকার কীভাবে গোপনে পরিবর্তন করে ফেলে সে কথা উল্লেখ করেন। ১৯৯৭ সালের নীতিতে উত্তরাধিকার সম্পত্তিতে নারীর সমঅধিকারের কথা উল্লেখ থাকলেও ২০১১ সালের নীতিতে সে বিষয়টিকে পাশ কাটিয়ে যাওয়ার কথাও বলেন।
সুলতানা কামাল বলেন, বাংলাদেশে আইন ও নীতিতে অনেক ভালো কথা বলা হচ্ছে। তবে সংস্কৃতিগতভাবেই পরিবার ও সমাজে নারীকে অধস্তন ভাবা হচ্ছে। এ ছাড়া নারীর সামনে এগিয়ে যাওয়াকে পরিবার ও সমাজ সেভাবে গ্রহণ করতে পারছে না।
তিন দিন ব্যাপী সম্মেলনে ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর উইমেনের (ইউনিফেম) আঞ্চলিক প্রোগ্রাম ডিরেক্টর চাঁদনি জোসি, আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাসকিয়া ই ওয়াইয়েরিঙ্গা এবং ভারতের জেন্ডার বিশেষজ্ঞ অম্রিতা চাচসি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী বিভিন্ন অধিবেশনে উপস্থিত ছিলেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন।