নারী অধিকার খর্ব করার ষড়যন্ত্র করছে হেফাজত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী শিক্ষা ও অধিকার খর্ব করার ষড়যন্ত্র করছে হেফাজতে ইসলাম। তাদের এ চক্রান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির প্রতিবাদে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত ছাত্রী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলের শিক্ষক-শিক্ষার্থীরা এ সমাবেশের আয়োজন করেন। সমাবেশ শুরুর আগে রোকেয়া হল, শামসুন নাহার হল, কুয়েত মৈত্রী হল, ফজিলাতুন্নেছা মুজিব হল ও কবি সুফিয়া কামাল হল থেকে শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসিতে আসেন। সমাবেশে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, যারা নারীদের অবরুদ্ধ করতে চায়, তারা মূলত দেশের প্রগতি ও উন্নয়নের বিরোধী। তিনি বলেন, নারীর সম্মান, অধিকার, শিক্ষা, সমৃদ্ধির প্রশ্নে জাতি সব সময় ঐক্যবদ্ধ। নারী সমাজকে যদি তাদের প্রাপ্য অধিকার এবং সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়, তাহলে সমাজ সঠিকভাবে বিকশিত হতে পারে না।শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, দেশে নারী শিক্ষার হার বাড়ার কারণে উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে। নারীদের পেছনে ফেলার জন্য যে ধর্মান্ধ গোষ্ঠী ষড়যন্ত্রে মেতে উঠেছে, তাদের সম্মিলিতভাবে প্রতিহত করা হবে। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ আ ব ম ফারুক বলেন, হেফাজতে ইসলাম ১৩ দফার মাধ্যমে তাদের ভেতরে লুকিয়ে থাকা নোংরামি, কুরুচিপূর্ণ চিন্তা এবং হীন মানসিকতার পরিচয় দিয়েছে। ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ গুলশান আরা লতিফা বলেন, হেফাজত তাদের ১৩ দফার মাধ্যমে বাংলাদেশে মধ্যযুগীয় অন্ধকার যুগ ফিরিয়ে আনার ষড়যন্ত্র করেছে। এর নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘বাংলার নারী সমাজের অধিকার রক্ষায় আমরা রাজপথে থাকব।’সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন রোকেয়া হলের প্রাধ্যক্ষ নাজমা শাহীন। তিনি বলেন, সংবিধানে যেখানে নারী-পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে, সেখানে হেফাজতে ইসলামের প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধের দাবি প্রকারান্তরে নারীর অধিকার খর্ব করার চক্রান্ত করছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নাসরিন আহমাদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ সাজেদা বানু, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ ফরিদা বেগম, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ গুলশান আরা লতিফা, কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ নীলুফার নাহার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শেখ আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল টিএসসি থেকে অপরাজেয় বাংলার পাদদেশে এসে শেষ হয়।