নারী অধিকার প্রতিষ্ঠায় রুখতে হবে সাম্প্রদায়িকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও সহিংসতা নারী অধিকার প্রতিষ্ঠায় বড় বাধা। তাই নারী অধিকার প্রতিষ্ঠায় সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করতে হবে। পরিবর্তন করতে হবে পিতৃতান্ত্রিক মনমানসিকতা। নীতিনির্ধারণী সিদ্ধান্তের জন্য জাতীয় সংসদসহ রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে।
গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশে নারীর ক্ষমতায়ন: প্রত্যাশা ও অর্জন’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
নারীর ক্ষমতায়ন ও সামাজিক অবস্থান সম্পর্কিত আলোচনা এবং রাষ্ট্র ও নাগরিক সমাজের করণীয় নির্ধারণের লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন এই সেমিনারটির আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেন, সাম্প্রদায়িকতা ও মৌলবাদের কারণে নারী অধিকারের জায়গাটি খুবই তমসাচ্ছন্ন হয়ে যায়। তাই এর বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে না পারলে নারী আন্দোলন বলে কিছু থাকবে কি না তা নিয়ে শঙ্কা হয়। তিনি বলেন, নারী অধিকার রাজনীতির বাইরে থাকতে পারে না।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নারী অধিকারের পক্ষে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরীনের বক্তব্যের প্রসঙ্গ টেনে উপস্থিত নারীদের উদ্দেশে বলেন, তসলিমা নাসরীন বলেছেন বাংলাদেশের নারী এখনো পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠতে পারেনি। সেই তসলিমা নাসরীনকে দেশে ফিরিয়ে আনার জন্য আপনারা কী করেছেন বলুন? তিনি কী অপরাধ করেছেন যে মাতৃভূমিতে পদচারণ করতে পারেন না?
একই সঙ্গে তিনি দিনাজপুর ও যশোরে সংখ্যালঘুদের ওপর হামলা ও এর পরিপ্রেক্ষিতে কারও কারও দেশত্যাগের ঘটনার কথা উল্লেখ করে বলেন, এই মানুষগুলো যদি চলে যায় তাহলে কিসের অর্জন, কিসের প্রত্যাশা, কিসের বাংলাদেশ? সংখ্যালঘুদের যদি দেশ ছাড়তে হয়, তাহলে যে বাংলাদেশ থাকে সেটা একাত্তরের বাংলাদেশ নয়, সেটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ নয়, আমাদের স্বপ্নের বাংলাদেশ নয়। তাই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সাংসদ দীপু মনি বলেন, নারী অধিকারের বাধা পিতৃতান্ত্রিকতা, সহিংসতা ও মৌলবাদ।
দীপু মনি বলেন, নারীর প্রশ্নে সবাইকে এক থাকতে হবে এবং এ জন্য বেছে নিতে হবে সঠিক রাজনীতি, যে রাজনীতি হচ্ছে অসাম্প্রদায়িকতার পক্ষের রাজনীতি। এ সময় তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে নারী অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, রাজনীতিতে ধর্মের ব্যবহার চলবে না। তিনি জাতীয় সংসদে নারী আসনে সরাসরি ভোটে নির্বাচনের ওপর জোর দেন।
জাতীয় মানবাধিকার কমিশনের নারী অধিকারবিষয়ক কমিটির সভাপতি অধ্যাপক মাহফুজা খানমের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন সাংবাদিক আবেদ খান, নারীনেত্রী রোকেয়া কবীর, এ্যারোমা দত্ত প্রমুখ।