আঞ্চলিক সম্মেলনে প্রধানমন্ত্রী
নারী অধিকারবিষয়ক সমস্যা সমাধানে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী ও শিশু পাচার দক্ষিণ এশিয়ায় একটি বড় সমস্যা। এ ছাড়া আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় এ অঞ্চলের দেশগুলোয় নারী অধিকারবিষয়ক সমস্যাও প্রায় অভিন্ন। তাই এসব সমস্যার সমাধানে সমন্বিত পদক্ষেপ নিতে তিনি এ অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রী গতকাল রোববার নারী উন্নয়নবিষয়ক সপ্তম দক্ষিণ এশীয় মন্ত্রী পর্যায়ের আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ আহ্বান জানান। তিনি বলেন, এ অঞ্চলের নারী উন্নয়নসংক্রান্ত আন্তর্জাতিক অঙ্গীকারগুলো বাস্তবায়নের দিকনির্দেশনা প্রণয়নে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ সম্মেলনে শেখ হাসিনা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাষ্ট্রীয়ভাবে এ অঞ্চলের প্রতিটি দেশেই নীতিমালা ও আইন আছে। সে আইন ও নীতিগুলোর সফল বাস্তবায়নের জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা ও সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি জাতীয় সংসদে নারীর অংশগ্রহণ বৃদ্ধিসহ নারীর উন্নয়নে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করে বলেন, মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে ছয় মাসে বৃদ্ধির সিদ্ধান্তটি প্রক্রিয়াধীন আছে। জাতীয় নারী উন্নয়ন নীতিকে আরও যুগোপযোগী করে নারী অধিকার সংরক্ষণের লক্ষ্যে কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।প্রধানমন্ত্রী জানান, নারী নির্যাতন প্রতিরোধকল্পে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন মন্ত্রিসভা নীতিগতভাবে অনুমোদন করেছে। ১৯৯৮ সালে কলম্বোতে অনুষ্ঠিত দশম সার্ক শীর্ষ সম্মেলনের প্রতিশ্রুতি অনুযায়ী সার্ক জেন্ডার ইনফো-বেইজ প্রতিষ্ঠা করা হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হচ্ছে।শেখ হাসিনা বলেন, ‘সর্বস্তরে নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করা এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমে রাষ্ট্রীয় উন্নয়ন নিশ্চিত করা আমাদের সরকারের উন্নয়ন নীতিরই অংশ। নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের লক্ষ্যে বেইজিং প্লাটফর্ম ফর অ্যাকশনের আলোকে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, রাজনীতি, মানবসম্পদ উন্নয়নসহ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ফলে নারীরা পরিবারে সিদ্ধান্ত গ্রহণের অংশীদার হয়েছে।’প্রধানমন্ত্রী বলেন, ‘২০০১ সালে বাংলাদেশে সাধারণ নির্বাচনের পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছিল অনেক নারী ও শিশুকে। শত শত নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছিল। এমনকি আমাদের দলকে ভোট দেওয়ার অপরাধে একটি পরিবারের ১৩ মাসের শিশুকে জ্বলন্ত চুলায় ফেলে দেওয়ার মতো অমানবিক ঘটনাও ঘটেছিল। সেই অন্ধকার সময় আমরা পার হয়ে এসেছি।’মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল (ইউনিফেম) যৌথভাবে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে সার্কভুক্ত আটটি দেশের মন্ত্রী, সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক-উল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এবং ইউনিফেমের (পার্ট অব ইউএন উইমেন) আঞ্চলিক কর্মসূচি পরিচালক অ্যান এফ স্টেনহ্যামার। অনুষ্ঠানে সার্কভুক্ত আট দেশের প্রতিনিধিরা সম্মিলিতভাবে একটি নাচে অংশ নেন।১৯৯৫ সালে নারী উন্নয়নের ১২টি ক্ষেত্রকে চিহ্নিত করে অনুষ্ঠিত হয় বেইজিং সম্মেলন। বেইজিং সম্মেলনের পর দুই বছর পরপর সার্কভুক্ত দেশগুলোয় এ ধরনের সম্মেলন হচ্ছে। বেইজিং সম্মেলনের ১৫ বছর পূর্তিতে নারী উন্নয়ন কতটুকু হলো এবং নারীর অধিকার, নারীর অর্থনৈতিক নিরাপত্তা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের বিষয়গুলো এবারের সম্মেলনের আলোচনার প্রধান বিষয়বস্তু। এর আগে ২০০৮ সালে এ সম্মেলন হয় ভারতের নয়াদিল্লিতে।সম্মেলনের দ্বিতীয় পর্বে বাংলাদেশ, ভুটান ও আফগানিস্তানের প্রতিনিধিরা নিজ নিজ দেশের প্রতিবেদনে অঙ্গীকার, কর্মকৌশল ও চ্যালেঞ্জগুলো উপস্থাপন করেন।