নারী অধিকারে নতুন প্রচারাভিযান 'মর্যাদায় গড়ি সমতা'
নারীর প্রতি পরিবার, সমাজ ও রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও নারীর অবদানের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে নারীর মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে শুরু হচ্ছে তিন বছর মেয়াদি প্রচারাভিযান ‘মর্যাদায় গড়ি সমতা’।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রচারাভিযানের প্রাথমিক যাত্রা শুরু হয়। বেসরকারি সাহায্য সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ও এর সহযোগী সংগঠন এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই প্রচারাভিযান পরিচালিত হবে।
৫ মার্চ বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই প্রচারাভিযানের শুভসূচনা ঘোষণা করবেন।
মানুষের জন্য ফাউন্ডেশন গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
দেশব্যাপী তৃণমূল ও নীতিনির্ধারণী পর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ, নারীর অ-অর্থনৈতিক ও গৃহস্থালি কাজের অবদান বিষয়ে গবেষণা ও নারীর অবদানকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে জিডিপিতে অন্তর্ভুক্ত করার জন্য প্রচারণাই হবে এই প্রচারাভিযানের মূল কাজ। এর মধ্যেই এ নিয়ে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য অন্য ছয়টি বিভাগীয় শহরে ও পার্বত্য চট্টগ্রামেও সংবাদ সম্মেলন হয়েছে। প্রচারাভিযানের সহযোগী সংগঠন হিসেবে আরও কাজ করবে বিজ্ঞাপনী সংস্থা মাত্রা।
গতকালের সংবাদ সম্মেলনে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া। প্রচারাভিযানটি কীভাবে পরিচালনা হবে, বিজ্ঞাপনী সংস্থা মাত্রার পক্ষ থেকে তা ব্যাখ্যা করেন আফজাল হোসেন।