নারীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় অবদান রাখছেন। তাঁদের যদি অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি যুক্ত করা যায়, তাহলে দেশের অর্থনীতি যেমন সমৃদ্ধ হবে, তেমনি মোট দেশজ উৎপাদনও (জিডিপি) বাড়বে। রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার এক প্যানেল আলোচনায় বক্তারা এ কথা বলেন। এ আলোচনার আয়োজন করে যৌথভাবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।
ঢাকায় গত সোমবার শুরু হওয়া কমনওয়েলথ নারীবিষয়ক মন্ত্রীদের দশম সম্মেলনের অংশ হিসেবে এই প্যানেল আলোচনার আয়োজন করা হয়।
আলোচনার শুরুতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী মেহের আফরোজ বলেন, কমনওয়েলথ নারীবিষয়ক মন্ত্রীদের এই সম্মেলনে যেসব সুপারিশ উঠে আসবে, বাংলাদেশ সরকার সেসব বাস্তবায়ন করবে বলে আশ্বাস দেন তিনি। প্যানেল আলোচনা: আলোচনায় এমসিসিআইয়ের সভাপতি রোকেয়া আফজাল রহমান বলেন, ক্ষুদ্রঋণ গ্রহণকারী একজন নারী পাঁচজন সদস্যের একটি পরিবারের অবস্থার উন্নয়ন ঘটাতে পারেন। সে দিক থেকে এসব নারীর মাধ্যমে দেশের মানুষের জীবন ধারণের মানোন্নয়ন হয়েছে।
বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন, নেতৃত্ব যে কেউ দিতে পারে। কিন্তু নারীদের জন্য পারিবারিক জীবন এবং কর্মজীবন দুটিকে একসঙ্গে পরিচালনা করা বেশ কষ্টসাধ্য। নারীকে বেছে নিতে হয় তিনি ভালো মা হবেন, নাকি ভালো কর্মী।
বাংলাদেশের নারীদের অনেক বেশি পেশাদার মন্তব্য করে মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন বিনতে ওসমান বলেন, ‘আমরা যদি ব্যবসাকে বেশি করে উৎসাহিত করি, তাহলে বেশি বেশি নারী উদ্যোক্তাও উঠে আসবেন।’ কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন বলেন, নারী উদ্যোক্তা তৈরির জন্য তাদের পর্যাপ্ত সহযোগিতা করতে হবে। তাহলে তাঁরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ গড়ে নিতে পারবেন।
কমনওয়েলথ বিজনেস কাউন্সিলের দক্ষিণ এশিয়া ও করপোরেট সুশাসনবিষয়ক উপদেষ্টা আরিফ জামান বলেন, নারীদের যদি ক্ষমতায়ন করা যায়, এর প্রভাব পড়বে দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং জিডিপিতে।
এমসিসিআইয়ের সদস্য লুনা সামসুদ্দোহার সঞ্চালনায় আলোচনায় ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বিজনেস অ্যান্ড প্রফেশনাল ওইমেনের সভাপতি ফ্রিডা মিরিক্লিস বলেন, উইমেন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি সাবরিনা ইসলাম অংশ নেন।