
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার মতো পরিস্থিতি দেশে আর কখনোই সৃষ্টি হবে না। কোনো মেয়েশিশুও আর এই অধিকারবঞ্চিত হবে না। দেশে এখন অনেক নারীই নিজেদের সম্মান ও মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করছেন। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।
গতকাল ৯ ডিসেম্বর ছিল ‘বেগম রোকেয়া দিবস’। নারীশিক্ষা বিস্তারের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু এই দিনে। দিনটি স্মরণ করতে গতকাল তাঁর নামে প্রবর্তিত পদক বিতরণ অনুষ্ঠান আয়োজন করে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
নারীশিক্ষা বিস্তার ও নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের দরিদ্র ও অসহায় নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য এ বছর রোকেয়া পদক পেয়েছেন মমতাজ বেগম ও মিসেস গোলাপ বানু। মমতাজ বেগম জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান। মিসেস গোলাপ বানু বারিধারা সমবায় সমিতির প্রতিষ্ঠাতা। দুজনের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বেগম রোকেয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং পদক বিজয়ী নারীদের শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী বলেন, বেগম রোকেয়া ছিলেন নারীশিক্ষার পথিকৃৎ এবং একটি ইনস্টিটিউশন। তাঁর আদর্শ, অনুপ্রেরণা, দৃঢ় মনোবল ও কর্ম নারী জাতির মুক্তির পথ দেখাবে। দুই মহীয়সী নারীর পদকপ্রাপ্তি ভালো কাজ করতে পিছিয়ে থাকা নারীদের আরও আগ্রহী করে তুলবে। তিনি আরও বলেন, সমাজের অগ্রগতি সাধনে নারী ও পুরুষের সমঅধিকার নিশ্চিত করতে হবে। সমাজের অর্ধেক অংশ এই নারীকে বাদ দিয়ে দেশ বা সমাজের অগ্রগতি হতে পারে না। এটাই সবচেয়ে বড় বাস্তবতা।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, কোনো মেয়েশিশু আর শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে না। তাঁর সরকার বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, দেশে ভবিষ্যতে আর কখনোই এমন পরিস্থিতি সৃষ্টি হবে না, যাতে নারীরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। প্রতিটি নারী শিক্ষিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। স্বাগত বক্তব্য দেন নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম। এ ছাড়া পদক বিজয়ী দুই নারীও বক্তব্য দেন। ১৯৯৫ সালে বেগম রোকেয়া পদক প্রবর্তিত হয়। এ পর্যন্ত ৩৭ জন নারী এ পদক পেয়েছেন।