নারী আসন এক-তৃতীয়াংশ বাড়ানোর দাবি
তৃণমূল থেকে সংসদ পর্যন্ত সব ক্ষেত্রে নারীদের আসনসংখ্যা এক-তৃতীয়াংশ করার দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আজ শনিবার সকালে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি করে সংগঠনটি।
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন, আসনসংখ্যা এক-তৃতীয়াংশ বৃদ্ধি এবং নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে সংসদে সংরক্ষিত নারী আসনসংখ্যা এক-তৃতীয়াংশ বৃদ্ধি এবং এই আসনগুলোয় সরাসরি নির্বাচন চালুর অঙ্গীকার করেছিল। বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে এই একই দাবি জানাচ্ছে। দশম সংসদ অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সংসদের নারী আসন বিলুপ্ত হয়ে যাবে। তাই তার আগেই সংবিধান সংশোধন করতে হবে।
মহিলা পরিষদের দুই দিনব্যাপী জাতীয় পরিষদ সভার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত আজকের মানববন্ধনে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আয়শা খানম।
আয়শা খানম বলেন, নারীর আসনসংখ্যা বৃদ্ধি এবং সরাসরি নির্বাচন ব্যবস্থার প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। যে নারীরা কৃষিতে অবদান রাখছেন, পরিবারে ভূমিকা রাখছেন, চ্যালেঞ্জিং পেশায় আসছেন, সেই নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন না হলে সমাজের সার্বিক উন্নয়ন হবে না।
আয়শা খানম বলেন, বাংলাদেশের নারীসমাজ রাজনীতির মূল শক্তি। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা ৫-এ যে নারী-পুরুষের সমতার কথা বলা হয়েছে, নারীর প্রকৃত ক্ষমতায়ন না হলে তা সম্ভব নয়।
মানববন্ধনে মহিলা পরিষদ কাউখালী শাখার সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সুনন্দা সমাদ্দার, দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কানিজ রহমান, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরা বেগম প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি