নারী আসন নিয়ে রাজনৈতিক দল ছলাকলা করছে, অভিযোগ মহিলা পরিষদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদের বক্তারা। ছবি: প্রথম আলো
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদের বক্তারা। ছবি: প্রথম আলো

সংবিধানের সপ্তদশ সংশোধনী বিলে নির্বাচনের বিধান না রেখে সংরক্ষিত নারী আসন ২৫ বছর বহাল রাখার প্রতিবাদ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি বলছে, সংসদে নারী আসন নিয়ে রাজনৈতিক দল ছলাকলা করছে। তারা এ বিলের সংশোধনীর দাবি জানিয়েছে। 

আজ সোমবার সকালে রাজধানীর সুফিয়া কামাল ভবনে বাংলাদেশ মহিলা পরিষদ সংবাদ সম্মেলন করে এসব কথা বলে।

মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে আছে এবং প্রধানমন্ত্রী বলেছিলেন, সংরক্ষিত আসনে নির্বাচনের মাধ্যমে নারীরা সাংসদ হবেন। কিন্তু সেই অঙ্গীকার না রেখে একধরনের প্রতারণা করা হয়েছে। সংসদে নারী আসন নিয়ে রাজনৈতিক দল ছলাকলা শুরু করেছে। এভাবে চললে পরবর্তী প্রজন্মের নারী সমাজ আমাদের ধিক্কার দেবে। সংশোধনের পথ এখনো খোলা আছে।’
আয়শা খানম আরও বলেন, স্বাধীনতার পর কবি সুফিয়া কামালের নেতৃত্বে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করে তাঁরা নারীর রাজনৈতিক অধিকারের কথা বলেন। নারীদের সম-অধিকারের জন্য লড়াই করতে হয়েছে। সংসদে নারী আসন আরও ২৫ বছর রাখা হলে তাঁদের একটি সুবিধাভোগী গোষ্ঠী বানিয়ে অধস্তন করে রাখা হবে। সংরক্ষিত আসনের অনেক নারী সাংসদই তাঁদের কাছে নিজেদের সমস্যার কথা জানিয়েছেন উল্লেখ করে আয়শা খানম বলেন, এসব আসনের নারীদের কোনো নির্বাচনী এলাকা নেই। কোথাও কাজ করতে গেলে সম্মান পান না।
৮ জুলাই জাতীয় সংসদে সংবিধানের সপ্তদশ সংশোধনী করে সংরক্ষিত নারী আসনের মেয়াদ ২৫ বছর করা হয়েছে। যেখানে আসনসংখ্যা ৫০ ও সদস্যরা মনোনীত হয়ে আসবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক রেখা চৌধুরী। সেখানে বলা হয়, নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে সংসদে সংরক্ষিত মহিলা আসন ৩৩ শতাংশে উন্নীত করা এবং সরাসরি নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। প্রধানমন্ত্রী ২০০৯ সালে নারী দিবসের অনুষ্ঠানে একই কথা বলেছিলেন। এ ছাড়া জাতীয় নারী উন্নয়ন নীতিতেও তাই বলা আছে। কিন্তু প্রগতিশীল রাজনৈতিক দল সরকার গঠন করার পরে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেনি।
বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, এই বিল পাস হওয়ার ফলে ভবিষ্যতে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের প্রক্রিয়া আরও দুর্বল হবে। রাজনৈতিক শক্তির কাছে নারীরা একটি নির্ভরশীল গোষ্ঠী হিসেবে দাঁড়াবে; যা নারীর জন্য অসম্মানজনক। এ বিল সরকারের দেওয়া বিভিন্ন বক্তব্য, গৃহীত নীতি, জাতিসংঘ ঘোষিত সিডও সনদ ও এসডিজির সঙ্গে সাংঘর্ষিক।
আগামী কয়েক মেয়াদের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন, আসনসংখ্যা এক-তৃতীয়াংশ বৃদ্ধি ও নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, নারীকে রাজনৈতিক কর্মী হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু সিদ্ধান্ত গ্রহণে তাঁদের রাখা হয় না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নারীদের জন্য রাজনীতিকে পেশা হিসেবে নেওয়ার অবস্থা তৈরি হয়নি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সহসভাপতি লক্ষ্মী চক্রবর্তী, সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ ও সীমা মোসলেম।