নারী আসন বাড়ানো ও সরাসরি নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী আন্দোলনের একটি জোর দাবি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনসংখ্যা এক-তৃতীয়াংশ বাড়ানো এবং এসব আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে নারী আন্দোলনের এ দাবি পূরণের অঙ্গীকার ছিল। তবে আওয়ামী লীগ সরকার গঠনের পর গত পাঁচ বছরে এ দাবি বাস্তবায়নের জন্য কোনো উদ্যোগই নেয়নি, বাস্তবায়ন তো দূরের কথা।
আওয়ামী লীগের নির্বাচনী ইশরতহারে নারীর ক্ষমতায়নের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৩৩ শতাংশে উন্নীত করা হবে বলে বলা হয়। ইশতেহারে ২০২১ সাল নাগাদ ‘কেমন বাংলাদেশ দেখতে চাই’ অংশে সংসদে প্রত্যক্ষ ভোটে নারীর জন্য ১০০ আসন সংরক্ষিত করারও অঙ্গীকার আছে।
বর্তমানে জাতীয় সংসদে ৩০০ সাধারণ আসন এবং ৫০টি সংরক্ষিত (পাঁচটি বাড়ায় সরকার) নারী আসন রয়েছে। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে ১৯ জন নারী সরাসরি নির্বাচিত হন এবং ৪৫ জন সংরক্ষিত আসনে মনোনয়ন পান। এ হিসাবে সংরক্ষিত আসনসহ নারীর অংশগ্রহণ ছিল ১৯ শতাংশ (৬৪ জন)। বর্তমানে ৫০টি সংরক্ষিত আসন নিয়ে নারীর অংশগ্রহণ হয়েছে ২০ শতাংশ।
হাইকোর্টের রায়ের ভিত্তিতে ২০১১ সালের ৩০ জুন সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী গৃহীত হয়। নারীর জন্য সংরক্ষিত আসনসংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। তবে সংসদে সরকারের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও সংবিধান সংশোধনীতে সরাসরি নির্বাচনের বিষয় অন্তর্ভুক্ত করেনি সরকার।
মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, সরকার তার মেয়াদের শুরুতে এ বিষয়ে বিল উত্থাপন করলে আলোচনার সূত্রপাত হতো এবং পাঁচ বছরে একটি সিদ্ধান্ত হতে পারত। সেটা হলে আগামী নির্বাচনেই সংরক্ষিত আসনের নারীরা সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেতেন। কিন্তু সরকার উদ্যোগ না নেওয়ায় সে সুযোগ হারাতে হলো।
মহিলা পরিষদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনসংক্রান্ত একটি বিলের খসড়া ১৯৯৮ সালে তৎকালীন সরকারের কাছে জমা দিয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও সংগঠনটি মানববন্ধন, আলোচনা, সেমিনার প্রভৃতির মাধ্যমে সংবিধানের ৬৫-এর ৩ অনুচ্ছেদে সংশোধনী এনে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি বারবার পুনর্ব্যক্ত করা হয়। গত বছর মহিলা পরিষদ এ দাবিসংবলিত ১৮ হাজার পোস্টকার্ড সাংসদদের কাছে পাঠায়। প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে স্মারকলিপিও পাঠানো হয়।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম বলেন, বিষয়টি একেবারেই জাতীয় সংসদের এখতিয়ারভুক্ত। সংসদ সংরক্ষিত নারী আসনসংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০টি করেছে। এ ছাড়া সরকার জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন করে তা বাস্তবায়নের জন্য জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে। এ কর্মপরিকল্পনায় দীর্ঘমেয়াদে (নয় বছরের মধ্যে বাস্তবায়নযোগ্য) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৩৩ শতাংশ বৃদ্ধির জন্য আইন প্রণয়ন ও প্রত্যক্ষ ভোটের ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে। এ ছাড়া রাজনৈতিক দলের ভেতর পর্যায়ক্রমে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ অন্যান্য লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।