নারী আসন শুধু কোটা, কাজ নেই, প্রভাব নির্বাচনেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল সদর পৌরসভার ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শুক্লা দাস এবারও পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গণসংযোগে নেমে তাঁকে জনরোষে পড়তে হয়। কারণ, তিনি গত মেয়াদে কাজ করতে পারেননি—এই ছিল ভোটারদের অভিযোগ। বুঝতে পারেন এবার নির্বাচিত হতে পারবেন না তিনি। তাই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। শুক্লা দাসের মতো অন্য সব সংরক্ষিত ওয়ার্ডের (নারী) কাউন্সিলরদেরও এবার নির্বাচনে অংশ নিয়ে নানা গঞ্জনার শিকার হতে হয়েছে। সবার বিরুদ্ধে অভিযোগ এক। তার পরও যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাঁদের মধ্যে হাতেগোনা দুই-চারজন ছাড়া সবাই পরাজিত হয়েছেন। কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের কাজের সুযোগ কম। তাই তাঁরা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারেন না। ফলে জনগণও তাঁদের থেকে মুখ ফিরিয়ে নেয়। যার অবশম্ভাবী পরিণতি—নির্বাচনে পরাজয়। এ চিত্র শুধু টাঙ্গাইল পৌরসভার নয়। জেলার নয়টি পৌরসভার প্রায় সবগুলোতেই নারী কাউন্সিলরদের একই অবস্থা। গোটা জেলার পৌর নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, টাঙ্গাইল সদর পৌরসভার ছয়টি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শুক্লা দাস এবং ৪ নম্বর ওয়ার্ডের রাশেদা বেগম নির্বাচনে অংশ নেননি। বাকি চারজন অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে ২ নম্বর ওয়ার্ডের প্রতিমা রাণী গুহ, ৫ নম্বর ওয়ার্ডের রোকেয়া আহমেদ ও ৬ নম্বর ওয়ার্ডের ফারহানা নাসরিন পরাজিত হয়েছেন। একমাত্র ৩ নম্বর ওয়ার্ডের হাজেরা বেগম পুনরায় জয়ী হয়েছেন। ধনবাড়ী পৌরসভার তিনটি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লাইলী বেগম, রাবেয়া বেগম (১) ও রাবেয়া বেগম (২) নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন। মধুপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রোকেয়া খাতুনের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তা বাতিল হয়ে যায়। ১ ও ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মলিদা খাতুন ও জায়েদা খাতুন নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছেন। গোপালপুর পৌরসভার তিনটি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ৩ নম্বর ওয়ার্ডের জামান আরা রিমা এবার নির্বাচনে অংশ নেননি। ১ ও ২ নম্বর ওয়ার্ডের দুজনই পরাজিত হয়েছেন। ভূঞাপুর পৌরসভার সংরক্ষিত তিনটি আসনের তিন কাউন্সিলরই এবার পরাজিত হয়েছেন। একই অবস্থা কালিহাতী পৌরসভায়। মির্জাপুরে ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলো রাণী বিশ্বাস এবার জয়ী হয়েছেন। অন্য ওয়ার্ডে তাঁদের ভরাডুবি হয়েছে। ঘাটাইল পৌরসভায় ১ নম্বর ওয়ার্ডের লীজা বেগম জয়ী হলেও ২ নম্বর ওয়ার্ডের জাহানারা বেগম পরাজিত হয়েছেন। ব্যতিক্রম শুধু সখীপুর পৌরসভা। এ পৌরসভায় ১ নম্বর ওয়ার্ডের তাহমীনা আক্তার মিনা পরাজিত হয়েছেন। কিন্তু ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেফালী আক্তার ও নাজমা খাতুন জয়ী হয়েছেন। পৌরসভা সূত্র জানায়, নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচনের ব্যবস্থা নেওয়ার পর ২০০২ সালের ২৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন) মো. ফজলুল হক স্বাক্ষরিত একপত্রে বলা হয়, পৌরসভার এক-চতুর্থাংশ কাজ বাস্তবায়নের দায়িত্বে সংরক্ষিত ওয়ার্ডের কমিশনাররা থাকবেন। এ ছাড়া পৌরসভার স্থায়ী কমিটি গঠনে এক-তৃতীয়াংশ নারী চেয়ারম্যান করার কথা বলা হয়। টাঙ্গাইলের বিভিন্ন পৌরসভার সাবেক নারী কাউন্সিলরদের সঙ্গে আলাপ করে জানা যায়, জেলার কোনো পৌরসভাতেই তা বাস্তবায়ন করা হয়নি। তাঁদের সবসময় বৈষম্যের শিকার হতে হয়েছে। সাবেক নারী কাউন্সিলর শুক্লা দাস বলেন, ‘পৌর পরিষদে আমাদের সবসময় উপেক্ষিত থাকতে হয়েছে। তাই কাজ করতে পারিনি।’ ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারহানা নাসরিন বলেন, ‘ত্রাণের কাজ, উন্নয়নমূলক কাজ, সব সাধারণ ওয়ার্ডের কাউন্সিলররা করেন। সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরদের কাজের সুযোগ কম। তাই তাঁরা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারেন না। এ জন্যই নির্বাচনে পরাজিত হন।’ নারীনেত্রী রাবেয়া আনোয়ার বলেন, নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হলেও তাদের কাজের সুযোগ দেওয়া হয় না। বৈষম্য করা হয়। এ অবস্থার অবসান হওয়া উচিত। নারীদের পৌর পরিষদে কাজের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। টাঙ্গাইলের নবনির্বাচিত মেয়র শহিদুর রহমান বলেন, ‘কারও প্রতি বৈষম্য নয়, আমি দায়িত্ব নেওয়ার পর সবাইকে সমানভাবে দায়িত্ব পালনে সুযোগ দেব।’