নারী আসনে দুজনের মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। তাঁরা হলেন আওয়ামী লীগের সাবিহা নাহার বেগম ও জাতীয় পার্টির খোরশেদ আরা হক।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, টেলিফোন বিলখেলাপি হওয়ায় রিটার্নিং কর্মকর্তা (কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব) জেসমিন টুলি দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। নির্বাচনী আইন অনুযায়ী দুই প্রার্থী আগামী বুধবার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আবেদন করতে পারবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আজ মঙ্গলবার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ মার্চ, ভোট গ্রহণ হবে আগামী ৩ এপ্রিল।

নির্বাচনী আইন অনুযায়ী, সংসদ নির্বাচনে যে দল যতটি আসন পেয়েছে, তার সংখ্যানুপাতে সেই দল বা জোটের অধীনে নারী আসন সংরক্ষণ করা হয়। এবারের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ৪১, জাতীয় পার্টি ছয় এবং স্বতন্ত্র জোট তিনটি আসন পেয়েছে। ৯ মার্চ এসব জোট ও দলের প্রার্থীদের মনোনয়নপত্র কমিশনে জমা দেওয়া হয়েছে। তবে নির্ধারিত আসনের অতিরিক্ত প্রার্থী মনোনয়ন না দেওয়ায় মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবেন। ১৮ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।