নারী আসনে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সাধারণ নির্বাচনের পরে ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। তবে বিদ্যমান পরিস্থিতিতে দ্রুত নারী আসনের নির্বাচন শেষ করতে চাচ্ছে নির্বাচন কমিশন।
গতকাল রোববার নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ গণমাধ্যম-কর্মীদের বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই নারী আসনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি সূত্রগুলো বলছে, বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা হবে। পরে তাঁকেই স্পিকার পদে পুনরায় নিয়োগ দেওয়া হবে। এ কারণেই দ্রুত নারী আসনে নির্বাচন সম্পন্ন করতে চায় সরকার, যাতে নতুন সংসদের প্রথম অধিবেশনে নতুন স্পিকার নির্বাচনের কোনো বাধা না থাকে।
সংসদ সচিবালয় শপথ নেওয়া সাংসদদের তালিকা গতকাল ইসিকে পাঠিয়েছে। এখন দল বা জোটে যাওয়ার বিষয়ে প্রতিনিধিত্বকারী সাতটি দল ও স্বতন্ত্র প্রার্থীদের চিঠি দেবে ইসি।
গত বৃহস্পতিবার ২৮৯ জন সাংসদ শপথ নেন। ৮ জানুয়ারি ২৯০ আসনে নির্বাচিতদের ফলাফল গেজেটে প্রকাশ করে ইসি। এর মধ্যে আওয়ামী লীগ ২২৯, জাতীয় পার্টি ৩৩, ওয়ার্কার্স পার্টি ছয়, জাসদ পাঁচ, স্বতন্ত্র ১৪ এবং জেপি, তরীকত ও বিএনএফ একটি করে আসন পায়। ৫০টি সংরক্ষিত আসন সংসদের ৩০০ আসনের বিপরীতে ভাগ করে দল বা জোটের অনুকূলে আসন বণ্টন করা হবে। সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে প্রতি আসনের বিপরীতে সংরক্ষিত আসন দাঁড়ায় শূন্য দশমিক ১৬৭টি।
ইসি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে আওয়ামী লীগ পাবে ৩৮টি আসন, জাতীয় পার্টি ছয়টি আসন, জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি একটি ও স্বতন্ত্র প্রার্থীরা দুটি সংরক্ষিত আসন পাবেন।
২০০৪ সালের সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে ৪৫টি নারী আসন ১০ বছরের জন্য সংরক্ষণ করা হয়। এর আগ পর্যন্ত সংসদে সংরক্ষিত নারী আসনসংখ্যা ছিল ৩০। পরে নবম সংসদে পঞ্চদশ সংশোধনীতে সংশোধন করে ৫০টি সংরক্ষিত আসন করা হয়।