রাজধানীতে এক মতবিনিময় সভায় নারীনেত্রী ও নারী সাংসদেরা বলেছেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। নারী আসনে সরাসরি নির্বাচন করতে হবে। তবে নারীর ক্ষমতায়নের জন্য সবাইকে দলগতভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: রাজনৈতিক দল ও জাতীয় সংসদে নারীর কার্যকর অংশগ্রহণ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সিরডাপ মিলনায়তনে।
সূচনা বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেছেন, রাজনৈতিক অঙ্গনে নারীদের অগ্রগতি হয়েছে। শুধু সংসদেই নয়, স্থানীয় সরকারে নারীরা আজ নেতৃত্ব দিচ্ছেন। এ ছাড়া দীর্ঘ তিন দশক ধরে রাজনৈতিক অঙ্গনে দুজন নারী নেতৃত্ব দিচ্ছেন। গোটা দক্ষিণ এশিয়ায় এটি একটি বিরল ঘটনা। কিন্তু তারপরও ধারাবাহিকভাবে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে আমাদের আলোচনা করতে হয়।
সভায় বিশেষ অতিথি সাংসদ সাগুফতা ইয়াসমিন বলেন, রাজনীতিতে আরও বেশি নারী চাই, জনসংখ্যার আনুপাতিক হারে চাই। তবে নারীর ক্ষমতায়নে দলগতভাবে কাজ করতে হবে।
সভায় বর্তমান ও সাবেক সাংসদদের মধ্যে আরও বক্তব্য দেন জেবুন্নেসা আফরোজ, ফজিলাতুন নেসা ও ওয়াসিকা আয়শা খান, রাশেদা বেগম ও রওশন জাহান; বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য এ এন রাশেদা; মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেসা মোশারফ; যুব মহিলা লীগের সভাপতি নাজমা আখতার এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ঢাকা মহানগর শাখার সভাপতি শম্পা বসু প্রমুখ।
সভায় আলোচকেরা বলেন, প্রতিটি রাজনৈতিক দলের আরও অধিক সংখ্যক নারীকে মনোনয়ন দেওয়া প্রয়োজন। বিভিন্ন বাধাবিপত্তির পর রাজনৈতিক অঙ্গনে আসার পর যখন একজন নারীকে তাঁরই দলের পুরুষ সহকর্মীরা থামিয়ে দিতে পারেন না, তখন প্রশ্ন ওঠে নারীর চরিত্র নিয়ে। সমাজের প্রচলিত এসব ধ্যানধারণা থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে।
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে লিখিত সুপারিশ পড়ে শোনান বাংলাদেশ মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক কাজী সুফিয়া আখ্তার। এতে সরকারের কাছে সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা এবং নারী আসনসংখ্যা এক-তৃতীয়াংশ করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া প্রতিটি রাজনৈতিক দলের প্রতি দলের বিভিন্ন স্তর থেকে শুরু করে নীতিনির্ধারণী পর্যায়ে ৩৩ শতাংশ নারী থাকা বাধ্যতামূলক করা, প্রতিটি দলের কার্যালয়ে নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।