নারী আসনের প্রার্থীদের ২৪ শতাংশ কোটিপতি: সুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার ষ প্রথম আলো
সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার ষ প্রথম আলো

সুশাসনের জন্য নাগরিক (সুজন) বলেছে, দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৮ জন প্রার্থীর মধ্যে ২৪ শতাংশ কোটিপতি। এঁদের নিজ ও নির্ভরশীলদের নামে ন্যূনতম এক কোটি টাকার ওপরে স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে।
মনোনয়নপত্রের সঙ্গে এই ৪৮ প্রার্থীর জমা দেওয়া হলফনামা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিয়ে বিশ্লেষণ করে এ পর্যবেক্ষণ দিয়েছে সুজন। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সুজন এ পর্যবেক্ষণ জানায়। সুজন বলেছে, যে ক্ষেত্রে প্রার্থীদের সম্পদের বিবরণ আছে, কিন্তু মূল্য উল্লেখ নেই, সেগুলো এই বিশ্লেষণ থেকে বাদ দেওয়া হয়েছে। ঘোষিত-অঘোষিত সম্পদের বর্তমান মূল্য হিসাব করলে কোটিপতির সংখ্যা আরও বাড়তে পারে।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পড়ে শোনান সুজনের সহসমন্বয়কারী সানজিদা হক। গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর, নাজমা হাসিন ও মুজবাহ আলীম।
আগামী ৩ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। ৫০টি আসনের বিপরীতে ৯ মার্চ ৫০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও বিলখেলাপের কারণে আওয়ামী লীগের ৩৯ জনের মধ্যে একজন ও জাতীয় পার্টির (জাপা) ছয়জনের মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
তথ্য বিশ্লেষণ অনুযায়ী, আওয়ামী লীগের ৩৮ প্রার্থীর মধ্যে ১০ জন কোটিপতি। এর মধ্যে নীলুফার জাফর উল্যাহর নিজের ও নির্ভরশীলদের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৩৬ কোটি ৪২ লাখ ৮১ হাজার ৬৭১ টাকা। জাপার মাহজাবিন মোরশেদের ও তাঁর নির্ভরশীলদের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ১৯ কোটি ৩০ লাখ ৩০ হাজার ৪৪৪ টাকা।
সুজন বলেছে, ৪৮ প্রার্থীর মধ্যে ছয়জন ঋণগ্রহীতা। আওয়ামী লীগের প্রায় ৬৩ শতাংশ এবং জাপা ও স্বতন্ত্র প্রার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। আওয়ামী লীগের ১০ জন ও জাপার দুজন পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন। আওয়ামী লীগের পাঁচজনের বিরুদ্ধে অতীতে মামলা ছিল। তবে বর্তমানে ৪৮ প্রার্থীর কারও বিরুদ্ধেই মামলা নেই। আওয়ামী লীগের ২৩ জন আয়কর প্রত্যয়নপত্র দিয়েছেন।
সুজন বলেছে, আওয়ামী লীগ যে ৩৯টি আসনে মনোনয়ন দিয়েছে, তার কমপক্ষে এক-চতুর্থাংশ আত্মীয়তার সূত্রে মনোনয়ন পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে অন্তত নয়জন রাজনীতিতে সক্রিয় ছিলেন না।
নয়জনের আয়ের হিসাব: নবম সংসদে সংরক্ষিত ও সাধারণ আসনের সাংসদ ছিলেন, এমন নয়জন এবারও নারী আসনে প্রার্থী হয়েছেন। তাঁদের আয়, সম্পদ ও দায়দেনার তুলনামূলক তথ্য বিশ্লেষণ করে সুজন বলেছে, তাঁদের গড় আয় বেড়েছে ১৫১ শতাংশ। সবচেয়ে বেশি এক হাজার ৫৩৯ শতাংশ আয় বেড়েছে আওয়ামী লীগের সানজিদা খানমের। নীলুফার জাফর উল্যাহর আয় বেড়েছে এক হাজার ২৩৩ শতাংশ। ফজিলাতুন্নেছা বাপ্পীর বেড়েছে ৪৪ শতাংশ। এ ক্ষেত্রে ব্যতিক্রম তারানা হালিমের আয় কমেছে ২২ শতাংশ। প্রার্থী ও নির্ভরশীলদের সম্পদের ক্ষেত্রে সবচেয়ে বেশি বেড়েছে পিনু খানের (তিন হাজার ৪৮২ শতাংশ)। এরপর আছেন নূর-ই হাসনা লিলি চৌধুরী ও সানজিদা খানম। নিট সম্পদের ক্ষেত্রেও নীলুফার জাফর উল্যাহর সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি (৩৪ কোটি ৪২ লাখ ৮১ হাজার ৬৭১ টাকা)। ঋণও বেশি আছে তাঁর, দুই কোটি টাকা।
সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার বলেন, সংরক্ষিত আসনের প্রার্থীদের মর্যাদা বা মানহানির উদ্দেশ্যে এসব তথ্য বিশ্লেষণ করা হয়নি। যাঁদের সম্পদ বেড়েছে, তা বৈধ বা অবৈধ পথে উপার্জন করেছেন, তা-ও বলা হয়নি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রার্থীদের নিজেদের দেওয়া তথ্যগুলোই শুধু বিশ্লেষণ করা হয়েছে। তিনি সংরক্ষিত আসনে নির্বাচনের বর্তমান পদ্ধতি পরিবর্তন করে ভারতের আদলে ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচন করার জন্য সুপারিশ করেন।