নারী আসামিদের জন্য আলাদা হাজত
নারী আসামিদের রাখার জন্য আলাদা হাজতখানা করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা। মহানগর দায়রা জজ গত রোববার আদালতের হাজতখানা পরিদর্শন শেষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই নির্দেশ দেন। এ সময় নেজারতের দায়িত্বে থাকা যুগ্ম জেলা জজ এরফান উল্লাহসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের অতিরিক্ত পুলিশ উপকমিশনার আমিনুর রহমান বলেন, ১৯ মে প্রথম আলোয় ‘দেয়ালের দিকে নারী আসামির মুখ’ শীর্ষক সংবাদ প্রকাশের পর গত রোববার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা হাজতখানা পরিদর্শন করেন। নারীদের আলাদা হাজতখানা না থাকায় তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের প্রবেশপথের বাঁ পাশে একটি জায়গায় নারী হাজতখানা করতে বলেন। আমিনুর রহমান আরও বলেন, নারী হাজতখানার কিছু কাজ বাকি আছে। দু-এক দিনের মধ্যে তা ঠিক করে নারী আসামিদের থাকার ব্যবস্থা করা হবে।