নারী ইউপি সদস্যকে মারধরের ঘটনায় আরেক সদস্য জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্য ও তাঁর তিন ভাইকে মারধরের ঘটনায় আরেক ইউপি সদস্য মো. আবদুল জলিলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। তিনি রামচন্দ্রকুড়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
পুলিশ জানায়, রামচন্দ্রকুড়া ইউনিয়নের কেরেঙ্গাপাড়া থেকে গেদালুপাড়া পর্যন্ত দুই কিলোমিটারে দ্রুত সংযোগের প্রতিশ্রুতি দিয়ে পল্লী বিদ্যুতের ১১৪ জন গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন আবদুল জলিল। পরে গ্রাহকেরা রামচন্দ্রকুড়া ইউপির সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ফেরদৌসী বেগমকে বিষয়টি জানান। তিনি বৃহস্পতিবার এলাকার সাংসদ ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি গোলাম কিবরিয়ার কাছে লিখিতভাবে অভিযোগ দেন। এতে ক্ষিপ্ত হয়ে আবদুল জলিল ও তাঁর ভাই দুলাল মিয়া বৃহস্পতিবার রাতে ফেরদৌসী বেগম, তাঁর ছোট ভাই শহিদুল ইসলাম ও ফজরুল হককে মারধর করেন। শনিবার বিকেলে শহিদুল ইসলাম বাদী হয়ে আবদুল জলিলকে প্রধান আসামি করে চারজনের নামে থানায় মামলা করেন।