নারী ইউপি সদস্যরা অবহেলিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত আসনের ২০ জন নারী ইউপি সদস্য তাঁদের পদগুলো শূন্য ঘোষণার দাবি জানিয়ে গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনে নানা প্রতিবন্ধকতা এবং বঞ্চনার অভিযোগে তাঁরা এ দাবি জানিয়েছেন।আবেদনে তাঁরা যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করতে দেওয়া, নতুবা তাঁদের সদস্যপদ শূন্য ঘোষণার দাবি জানান। ইউনিয়নগুলো হলো: পলাশী, সাপ্টিবাড়ী, সারপুকুর, ভাদাই, ভেলাবাড়ী, কমলাবাড়ী ও দুর্গাপুর।দুর্গাপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জাহানারা বেগম বলেন, ‘জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে ভেবেছিলাম নারীদের জন্য সাধ্যমতো কাজ করে যাব। কিন্তু এর কোনো পরিবেশ পাইনি। ইউপি চেয়ারম্যান আমাকে বলেন, আমার পরিষদে থাকতে হলে যা বলব, যা করব, ন্যায়-অন্যায় যা-ই হোক—সবকিছু মেনে নিয়ে চলতে হবে। একদিকে জনগণের প্রত্যাশার চাপ, অন্যদিকে চেয়ারম্যানের অবহেলা ও অবজ্ঞা। তাই ২৬ সেপ্টেম্বর এলাকা ছেড়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় গিয়ে গার্মেন্টে চাকরি নিয়েছি; জনপ্রতিনিধি হওয়ার সাধ আমার মিটে গেছে।’আবেদনে বলা হয়েছে, উপজেলার ইউনিয়নগুলোর নির্বাচিত চেয়ারম্যানরা সরকারি বিধি উপেক্ষা করে নারী ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য পালনে নানাভাবে বঞ্চিত করছেন। এ বিষয়ে বিভিন্ন সময়ে ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে অভিযোগ করেও কোনো কাজ হয়নি। এতে আরও উল্লেখ করা হয়েছে, নারী ইউপি সদস্যদের মোট প্রকল্পের এক-তৃতীয়াংশ প্রকল্পের চেয়ারম্যান হওয়ার কথা সরকারি বিধিতে উল্লেখ থাকলেও তা মানা হয় না। সরকারি বরাদ্দ ও অর্থসংক্রান্ত চিঠিপত্র সম্পর্কে তাঁদের জানানো হয় না। ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাঁদের মতামত নেওয়া হয় না। পরিষদের আদায় করা কর এবং অন্যান্য খাত থেকে আদায় করা অর্থ উন্নয়নকাজে ব্যবহারের ক্ষেত্রে নারী ইউপি সদস্যদের অধিকাংশ ক্ষেত্রে বঞ্চিত করা হয়।দুর্গাপুর ইউপির ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শিউলী আক্তার বলেন, ‘আমি গত ২৬ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আমার ইউনিয়নের কাবিখা, টিআর, এডিপি, এলজিএসপির বরাদ্দ অর্থ ও অন্যান্য অনিয়মের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে আবেদন করেছিলাম। ইউএনও স্যার আমাকে চেয়ারম্যানের সঙ্গে সমন্বয় করে কাজ করতে বলেন।’ তিনি আরও বলেন, ‘আমি গত নয় মাস ধরে ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্য সম্মানী ভাতার টাকা পাচ্ছি না।’দুর্গাপুর ইউপির চেয়ারম্যান সালেকুজ্জামান প্রামাণিক তাঁর বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, নির্বাচিত ইউপি সদস্য ও নারী ইউপি সদস্যদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ করা হয়ে থাকে।নারী ইউপি সদস্যদের লিখিত আবেদন পাওয়ার কথা স্বীকার করে লালমনিরহাটের জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।