নারী ইউপি সদস্যের রগ কাটল দুর্বৃত্তরা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে মিনিবাস থেকে নামিয়ে এক নারী ইউপি সদস্যকে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মোবারকপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগের কর্মী নূরজাহান বেগম চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ গোলাম রাব্বানীর বাসা থেকে ফেরার সময় এ ঘটনা ঘটে।
এদিকে গতকাল রাত পৌনে আটটার দিকে সাংসদের বাড়ির সামনে তিন-চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে একদল দুর্বৃত্ত।
শিবগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ জানায়, গতকাল বিকেলে নূরজাহান বেগম সাংসদ গোলাম রাব্বানীর সঙ্গে দেখা করেন। পরে সাড়ে পাঁচটার দিকে শিবগঞ্জ বাজার থেকে কেনাকাটা করে মিনিবাসযোগে বাড়ি ফিরছিলেন। পথে শিবগঞ্জ-সোনামসজিদ সড়কের কলাবাড়ি এলাকায় একদল দুর্বৃত্ত তাঁকে বাস থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তারা তাঁর ডান হাত ও ডান পায়ের রগ কেটে দেয়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজাউল করিম জানান, নূরজাহানের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং ডান হাত ও ডান পায়ের রগ কেটে গেছে।
গোলাম রাব্বানীর ছোট ভাই কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণ ঘটিয়েই দুর্বৃত্তরা পলিয়ে যায়। তিনি দাবি করেন, আতঙ্ক সৃষ্টির জন্য বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ফেব্রুয়ারির পর থেকে একের পর এক হত্যা ও সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে পুরো শিবগঞ্জ এলাকাকে এক আতঙ্কপুরীতে পরিণত করেছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সোবহান গোলাম রাব্বানীর বাড়ি পরিদর্শন করেছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা টিকরি গ্রাম ও বাজারে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি মোবারকপুর ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতা তোসিকুল ইসলামকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। এর জের ধরে নূরজাহান বেগমের ওপর হামলা ও গোলাম রাব্বানীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, নূরজাহান বেগমের ওপর হামলার ঘটনায় রাতে বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।