ইউনিয়ন পর্যায় থেকে জেলা পর্যায় পর্যন্ত নারী ইস্যুভিত্তিক সব কমিটিকে সচল ও সক্রিয় করা প্রয়োজন। নারী নির্যাতন মোকাবিলায় জাতীয় পর্যায়ের কার্যক্রমগুলোর প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা উচিত।গতকাল বুধবার ‘নারীর প্রতি সহিংসতা মোকাবিলায় সমন্বিত কর্মকৌশল প্রণয়ন’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব সুপারিশ করেন। বিয়াম ফাউন্ডেশন ভবনে নারীপক্ষ আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তামান্না খান।নারীপক্ষের সদস্য কামরুন নাহার পুলিশ পরিদপ্তরের দেওয়া তথ্যের উল্লেখ করে জানান, ২০০৮ সালে ১৪ হাজার ২৮৮ জন নারী নির্যাতনের শিকার হন। তবে ২০০৯ সালে এ সংখ্যা কমে হয় ১২ হাজার ৭৯৮ জন। গত বছরের জুন পর্যন্ত সাত হাজার ২৭০ জন নারী নির্যাতনের শিকার হন। তবে কোনো বছর কম বা বেশি হলেও ২০০১ সাল থেকে গত জুন পর্যন্ত এক লাখ ৩৫ হাজার ৫৭০ জন নারী কোনো না কোনোভাবে সহিংসতার শিকার হয়েছেন।কর্মশালায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সরকার অত্যন্ত কঠোর। আইন প্রয়োগ, আইনের সংশোধনসহ বিভিন্ন কার্যক্রম চলমান আছে। তবে সরকারি-বেসরকারি পর্যায়ে আরও উদ্যোগ নিতে হবে। তিনি সরকারের সেবা গ্রহণ করার জন্য নারীদের সচেতনতা তৈরিতেও গুরুত্ব দেন।মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠিত ওই কর্মশালায় ১০টি জেলার জেলা ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা, জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধি, উপজেলা ভাইস চেয়ারম্যান দিনব্যাপী কর্মশালায় অংশ নেন।