নারী উদ্যোক্তাদের বৈশাখী পণ্য প্রদর্শনী উৎসব
বাঙালি সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের আট দিনব্যাপী বৈশাখী পণ্য প্রদর্শনী ও বিক্রয় উৎসব। আজ শুক্রবার নগরের দামপাড়ায় অবস্থিত বাংলাদেশ মহিলা সমিতি মাঠে এ উৎসব শুরু হয়।
চট্টগ্রাম উইমেন চেম্বার ও বাংলাদেশ মহিলা সমিতি চট্টগ্রাম শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাইফুজ্জামান চৌধুরী বলেন, পয়লা বৈশাখ বাঙালি জাতির সর্বজনীন উৎসব। বাঙালি জাতির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। নারী উদ্যোক্তাদের বৈশাখী আয়োজনকে স্বাগত জানিয়ে মন্ত্রী আরও বলেন, রক্ষণশীল সমাজব্যবস্থার মধ্যেও চট্টগ্রামের নারী উদ্যোক্তারা অনেক এগিয়ে গেছেন। এটি অবশ্যই প্রশংসনীয়।
অনুষ্ঠানের সভাপতি কামরুন মালেক বলেন, চট্টগ্রামের সব শ্রেণির মানুষের জন্য এ উৎসবের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ মহিলা সমিতি চট্টগ্রাম শাখার প্রথম সহসভাপতি সখিনা ইউসুফ, উইমেন চেম্বারের সহসভাপতি আইভি হাসান ও বৈশাখী মেলা কমিটির চেয়ারম্যান নিশাত ইমরান।
আয়োজকেরা জানান, বৈশাখী পণ্য প্রদর্শনী ও বিক্রয় উৎসবে মোট ৪৩টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে। ১৫ এপ্রিল উৎসবের সমাপনী হবে।