নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে মুখরিত 'মীনা বাজার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোগল আমলে সপ্তাহব্যাপী বিশেষ মেলাকে বলা হতো ‘মীনা বাজার’। মূলত নারীরাই ছিলেন সেই মেলার ক্রেতা। পোশাক, গয়নাসহ নানা মনোহারী পণ্য পাওয়া যেত মেলায়। গতকাল বনানী চেয়ারম্যান বাড়ি মাঠের মীনা বাজারও ছিল নারীদের পদচারণে মুখর। ক্রেতা-বিক্রেতা দুই পক্ষের অংশগ্রহণই ছিল বেশি।
দাতব্য সংস্থা উইমেনস ভলান্টারি অ্যাসোসিয়েশন ঢাকা (ডব্লিউভিএ) প্রতিবছরের মতো এবারও দিনব্যাপী মীনা বাজারের আয়োজন করে। মেলা থেকে পাওয়া অর্থ তাঁদের সেবামূলক কর্মকাণ্ড পরিচালনায় খরচ হবে বলে জানান আয়োজকেরা।
বেলা ১১টায় ডব্লিউভিএর প্রেসিডেন্ট মুশতারী কাসেম মেলার উদ্বোধন করেন। এবারের মেলায় ১৭০টি স্টলের বেশির ভাগেই ছিল দেশি-বিদেশি পোশাকের সম্ভার। আরও ছিল খাবার, প্রসাধন, ভেষজ পণ্যের স্টল। মেলায় অনলাইনভিত্তিক দোকানগুলোর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের (এফওএসএ) স্টলে ছিল প্রায় ২৫টি দেশ থেকে সংগৃহীত শোপিস, গয়না, প্রসাধনসামগ্রী, ব্যাগ, পোশাকসহ নানা কিছু। সংগঠনটির সেক্রেটারি নুজহান নাজমুল বলেন, বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গীদের (স্পাউস) সহযোগিতায় সেই সব দেশের বিশেষ পণ্যগুলো সংগ্রহ করে মেলার জন্য আনা হয়েছে। এগুলো বিক্রি থেকে পাওয়া অর্থের পুরোটাই সেবামূলক কাজে খরচ করা হবে।
মেলায় বঁইচি, তমাল, ঘূর্ণির মতো দুষ্প্রাপ্য গাছের বনসাই নিয়ে এসেছিল অনলাইনভিত্তিক দোকান ‘গ্রিন প্যারাডাইস’। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রিজওয়ান সামাদ বলেন, সাধারণ গাছগুলোর পাশাপাশি যেসব গাছ এখন আর সচরাচর দেখা যায় না, সেগুলো ধরে রাখতে চেষ্টা করছেন তাঁরা।
সাবেক শিক্ষক হাফিজা আক্তার জাহান পর্দা, কুশন, বিছানার চাদরসহ অন্দরসজ্জার নানা সামগ্রী দিয়ে সাজিয়েছিলেন তাঁর স্টল। ‘আলিম্পন ক্র্যাফটস’ নামের প্রতিষ্ঠানটিতে তাঁর সহযোগী হিসেবে আছেন আরও সাতজন নারী। বললেন, দেশি-বিদেশি কাপড় ব্যবহার করে নিজস্ব ডিজাইনে তাঁদের পণ্যগুলো তৈরি হয়।
পরিবারের সঙ্গে মেলায় এসেছিলেন শাহিদা আলম। বললেন, অনেক ধরনের দেশি-বিদেশি পণ্য একসঙ্গে পাওয়া যায়। তাই প্রতিবছরই এই মেলায় আসেন তিনি।
সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। বিকেলে ছিল র্যা ফল ড্রয়ের আয়োজন।
আয়োজক প্রতিষ্ঠান ডব্লিউভিএর প্রেসিডেন্ট মুশতারী কাসেম বললেন, ৪০ বছরের বেশি সময় ধরে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে তাঁদের সংগঠন এই মীনা বাজারের আয়োজন করে আসছে। স্টলভাড়া ও টিকিট বিক্রি বাবদ পাওয়া অর্থ ডব্লিউভিএর ১১টি সেবামূলক প্রকল্প পরিচালনায় খরচ করা হয়। মেলায় স্টল ভাড়া দেওয়ার ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হয় বলে জানান তিনি।