নারী উদ্যোক্তাদের ঈদমেলা
বরিশালে তৃণমূল নারী উদ্যোক্তাদের আয়োজনে শুরু হয়েছে ঈদমেলা। নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে আয়োজিত মেলা চলবে ৩ জুলাই পর্যন্ত। ঈদের পোশাক ছাড়াও হাতে তৈরি ঘর সাজানোর উপকরণ পাওয়া যাচ্ছে।
নগরের অশ্বিনীকুমার হলে গত শনিবার আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাংসদ শেখ টিপু সুলতান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান।
আয়োজকেরা জানান, নারী উদ্যোক্তারা তাঁদের হাতে তৈরি পোশাক এবং অন্যান্য পণ্যসামগ্রী নিয়ে ঈদমেলার আয়োজন করেছেন। মেলায় ১৮টি স্টল রয়েছে। খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ১০টা অবধি। গত বছর বরিশালে ঈদমেলার আয়োজন করে ব্যাপক সাড়া পাওয়া গেছে। সে কারণেই এ বছরের আয়োজন।
বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান বলেন, ‘বর্তমানে হাতে তৈরি পণ্যের কদর বাড়ছে। আর এই কাজে নারীরা নৈপুণ্যের ছাপ রাখছেন। হারিয়ে যাওয়া নকশিকাঁথাসহ নারীরা আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনছেন।’