নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে চাই স্বতন্ত্র মার্কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে সহজ শর্তে ঋণ প্রদান, ব্যবসাগত দক্ষতা তৈরির জন্য প্রশিক্ষণ, নগরের গুরুত্বপূর্ণ একটি স্থানে নারীদের জন্য স্বতন্ত্র মার্কেট প্রতিষ্ঠাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে এই অঞ্চলের নারীরা বিনিয়োগে আরও আকৃষ্ট হবেন।গতকাল রোববার সকালে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ উন্নয়নে সরকারি-বেসরকারি সংলাপ’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেছেন। জেলা প্রশাসন, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং উইমেন বিজনেস ফোরাম সিলেটের উদ্যোগে এই সভা হয়। এতে সিলেটের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিকেরা নিজেদের মতামত তুলে ধরেছেন।শুরুতেই সংলাপের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক মোহাম্মদ আবুল হাসান। এরপর ব্যবসার পরিবেশ উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সরকারি সংশ্লিষ্ট দপ্তর এবং বেসরকারি খাতের পক্ষে ব্যবসায়ীরা প্রত্যেকের মতামত ব্যক্ত করেন। এ সময় বক্তারা ট্রেড লাইসেন্সের ১০ পাতা বই চালু করা, নারী উদ্যোক্তা উন্নয়নে অর্থায়ন ও ঋণ প্রাপ্তি, আর্থিক ও বাজার ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, পোলট্রি শিল্পের উন্নয়ন, অনাবাদি জমি চাষের আওতায় আনয়ন এবং সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনসহ বেশ কিছু বিষয়ে আলোকপাত করেছেন। বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, বিশেষ অর্থনৈতিক অঞ্চল-সংক্রান্ত টাস্কফোর্সের সভাপতি সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম, বাংলাদেশ ব্যাংক সিলেটের মহাব্যবস্থাপক নির্মল চন্দ্র ভক্ত।বদরউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে হলে হরতালের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা মুখে মুখে বাইরের দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে উৎসাহিত করব, আবার হরতালও করব, সেটা তো হবে না। অর্থনৈতিকভাবে দেশকে শক্তিশালী করতে হলে ব্যবসায়ীদের স্বার্থকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে।’