নারী উদ্যোক্তাদের জন্য এসএমই খাতে ২০০ কোটি টাকা বরাদ্দ চায় বিডব্লিউসিসিআই
স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে সামাজিক সুরক্ষা, এসএমই খাত, শিল্প উৎপাদন ও সেবা খাত বিশেষ করে ই–কমার্স খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেট বরাদ্দ দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে নারী উদ্যোক্তাদের জাতীয় প্ল্যাটফর্ম বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)। পাশাপাশি বর্তমান ব্যবসায়িক অবস্থা বিবেচনা করে নারী উদ্যোক্তাদের জন্য বেশ কিছু প্রস্তাব সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাজেটের প্রতিক্রিয়া জানিয়েছে বিডব্লিউসিসিআই। প্রস্তাবিত বাজেটে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৪ হাজার ২৯০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১০০ কোটি টাকা বেশি। নারী উদ্যোক্তাদের মালিকানাধীন এসএমই খাতের কোনো প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভারের পরিমাণ ৭০ লাখ টাকা পর্যন্ত আয়করমুক্ত রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুশ্রম নির্মূল ও নারী শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নতুন উদ্যোক্তাদের জন্য ই–কমার্স বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা, আয়কর, শুল্ক ও মূল্য সংযোজন কর বিভাগে ই–পেমেন্ট অটোমেটেড চালান প্রবর্তন করাসহ কোভিড–১৯ টেস্ট কিট, পিপিই ইত্যাদিতে ভ্যাট প্রত্যাহারের জন্য সরকারের প্রতি ধন্যবাদ জানায় তারা।
এর পাশাপাশি ২০২২–২৩ অর্থবছরের বাজেটে নারী উদ্যোক্তাদের উন্নয়নের জন্য এসএমই খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের সুপারিশ করেছে বিডব্লিউসিসিআই। ব্যক্তিগত আয়করসীমা সাড়ে ৩ লাখ থেকে বাড়িয়ে সাড়ে ৪ লাখ করা, সিএমএসএমই খাতের উন্নয়নে জামানত ছাড়া ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া, সার্ভিস সেক্টরের নারী উদ্যোক্তাদের জন্য কর হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশে নিয়ে আসা, করোনার প্রভাব মোকাবিলায় নারী উদ্যোক্তাদের ২০২২–২৩ ও ২০২৩–২৪ অর্থবছরের ভ্যাট ও ট্যাক্স মওকুফ করা, ট্রেড লাইসেন্স ফি ও নবায়ন ফি অর্ধেক হ্রাস করাসহ নারী উদ্যোক্তাদের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজে ৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ বরাদ্দ রাখার সুপারিশ করে তারা।