ঢাকায় কমনওয়েলথ নারী বিষয়ক মন্ত্রীদের সম্মেলন
নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রিতে মোর্চা গড়ে তোলা হবে
নারী উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণের জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে একটি নেটওয়ার্ক বা মোর্চা গড়ে তোলা হবে। এতে বিশ্ববাজারে পণ্য বাজারজাতকরণের সুবিধা পাওয়ার পাশাপাশি নারী উদ্যোক্তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার দক্ষতা গড়ে উঠবে।গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে শুরু হওয়া কমনওয়েলথ নারীবিষয়ক মন্ত্রীদের দশম সম্মেলনপূর্ব সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানানোর উদ্দেশ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সংক্রান্ত কমনওয়েলথ সচিবালয় এবং বাংলাদেশের তথ্য অধিদপ্তর। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দশম কমনওয়েলথ নারীবিষয়ক মন্ত্রী পর্যায়ের ওই বৈঠক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নারীর সম-অধিকার নিশ্চিত করতে দেশের ভেতরে ও বাইরে সর্বত্র সবাইকে সোচ্চার হওয়ার জন্য কমনওয়েলথ দেশগুলোর প্রতি আহ্বান জানান।বাংলাদেশ নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন অর্জনে গণতান্ত্রিক বিশ্বে একটি অনন্য নজির স্থাপন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারপ্রধান, সংসদ নেতা, সংসদ উপনেতা, সংসদে বিরোধীদলীয় নেতা, সংসদের স্পিকার—সবাই নারী।’অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা, ঘানার মানবসেবা ও সামাজিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রী জেনিফার ওয়েবস্টার এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তরিকুল ইসলাম বক্তব্য দেন।প্রধানমন্ত্রী সম্মেলন উদ্বোধনের আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ জানান, কমনওয়েলথভুক্ত ৫৪টি দেশের মধ্যে ৩০টি দেশ তিন দিনের এ সম্মেলনে অংশ নিচ্ছে। ১৯৮৫ সাল থেকে প্রতি তিন বছর পর পর বিভিন্ন দেশে এ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘উইমেনস লিডারশিপ ফর এন্টারপ্রাইজ’। এ সময় কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা বলেন, জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টিকে সেভাবে গুরুত্ব দেয়নি। ২০১৫ সালের পরে এমডিজির নতুন উন্নয়ন কর্মকৌশলে এ বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্যও এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কমলেশ শর্মা বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, বিশেষ করে রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রশংসা করেন। ব্র্যাকের সংবাদ সম্মেলন: গতকাল সিরডাপ মিলনায়তনে ব্র্যাক এবং কমনওয়েলথ ফাউন্ডেশন যৌথভাবে আরেকটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে জানানো হয়েছে, গত তিন দিন কমনওয়েলথভুক্ত ১৭টি দেশের প্রায় শতাধিক বেসরকারি প্রতিনিধির সমন্বয়ে পার্টনার ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে নারী মন্ত্রীদের সম্মেলনে উপস্থাপনের জন্য একটি সুপারিশমালা তৈরি করা হয়েছে।সংবাদ সম্মেলনে ব্র্যাকের পরিচালক (জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি মাইগ্রেশন প্রোগ্রাম) শিপা হাফিজা বলেন, নারী উদ্যোক্তাদের বিকাশের ক্ষেত্রে বিরাজমান সমস্যা সমাধানের জন্য এসব সুপারিশ করা হয়েছে।