নারী উদ্যোক্তাদের মাসব্যাপী মেলা শুরু চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের মেলা। গতকাল রোববার বিকেলে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
‘আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপো’ শিরোনামে এ মেলার আয়োজন করেছে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মেলায় ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, যারা আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়েছে, যারা অর্থনীতির ক্ষতি করতে পারেনি, তারাই আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে ছোট করার চেষ্টা করছে। সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু এই অগ্রগতিকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে। তবে কোনো ষড়যন্ত্রই দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারবে না।
অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংসদ ওয়াসিকা আয়েশা খান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, শিল্প ও বণিক সমিতির সহসভাপতি মাহবুবুল আলম, উইমেন চেম্বারের সভাপতি কামরুন
মালেক, মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান রেখা আলম চৌধুরী প্রমুখ।
মেলায় ৩৫০টি স্টল, ১৫টি প্যাভিলিয়ন ও একটি প্রদর্শনী হল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলার সহযোগিতায় রয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, এসএমই ফাউন্ডেশন ও জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার।