নারী উদ্যোক্তাদের সহায়তার আশ্বাস দিয়েছে নরওয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নারী উদ্যোক্তাদের সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মারেটে লুন্ডেমো। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে তাঁর বাসভবনে এ বছর অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পাওয়া বাংলাদেশি নারী উদ্যোক্তা নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সেলিমা আহমাদকে দেওয়া সংবর্ধনায় তিনি এসব কথা জানান।
ব্যবসার সঙ্গে সামাজিক মূল্যবোধের সমন্বয় সাধনের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা সৃষ্টিতে অবদানের স্বীকৃতিস্বরূপ সেলিমা আহমাদকে এই পুরস্কার দেওয়া হয়। গত ১৫ মে অসলোর সিটি হলে আনুষ্ঠানিকভাবে তাঁকে পুরস্কার দেয় অসলোভিত্তিক বিজনেস ফর পিস ফাউন্ডেশন। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তিনি এই পুরস্কার পেলেন। এর আগে ২০১২ সালে সামাজিক দায়িত্ব ও নৈতিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের জন্য প্রথম বাংলাদেশি হিসেবে মর্যাদাপূর্ণ এ পুরস্কার পান ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে মারেটে লুন্ডেমো বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত অগ্রসরমাণ। কিন্তু নারীরা এ ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছেন। তাঁদের বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা পার হতে হয়। নরওয়ে সরকারের পক্ষ থেকে সুবিধা অনুযায়ী বেসরকারি খাতের নারী উদ্যোক্তাদের সহায়তার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সঙ্গীতা আহমেদ, সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান; বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী, মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ প্রমুখ।