নারী উদ্যোক্তাদের ১০৯ দোকান পরিত্যক্ত
বরগুনার বিভিন্ন উপজেলার গ্রামীণ বাজারে ১৪টি স্থানে ১১২টি দোকানের মধ্যে মাত্র তিনটি নারী উদ্যোক্তাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। বাকিগুলো তালাবদ্ধ কিংবা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।আমতলী উপজেলার চুনাখালী বাজারের ব্যবসায়ী (দর্জি) মালতি রানী বলেন, ‘এসব স্টল কাদের নামে বরাদ্দ আছে, তা আমরা জানি না। সুরক্ষিত এসব দোকান থাকতে আমরা বাইরে বসে ব্যবসা করছি, এটা খুবই কষ্টের কথা।’ আমতলী শহরের আরেক নারী উদ্যোক্তা ও কলেজশিক্ষক ফেরদৌসী আকতার বলেন, ‘আমতলীতে যেসব এলাকায় এসব দোকান নির্মাণ করা হয়েছে, সেগুলোতে টয়লেট ও পানির ব্যবস্থা নেই। এতেও অনেক নারী উদ্যোক্তা এসব দোকান বরাদ্দ নিতে আগ্রহ দেখাননি।’স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বরগুনা কার্যালয় সূত্রে জানা গেছে, গ্রামীণ ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য বরগুনা সদর উপজেলার আয়লা, বাবুগঞ্জ ও চালিতাতলী; বেতাগীর চান্দখালী, বদনিখালী ও কাজীরহাট; আমতলীর ছোটবগী; তালতলী সদর; পাথরঘাটার সদর, লেমুয়া ও চরদুয়ানি এবং বামনার ডৌয়াতলা ও বুকাবুনিয়া বাজারে ১৪টি বাজারে ওমেনস কর্নার (নারীদের জন্য দোকান) নির্মাণ করা হয়। দাতা সংস্থা ডানিডার অর্থায়নে আরডিপি-১৬ প্রকল্পের আওতায় ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত এগুলো নির্মাণ করা হয়। এসব ওমেনস কর্নারের প্রতিটিতে ১০ বর্গফুটের আটটি করে দোকান রয়েছে। এলজিইডি ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ যৌথভাবে কক্ষগুলোর মাসিক ভাড়া নির্ধারণ করেছে ৫০ থেকে সর্বোচ্চ ২০০ টাকা।সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, নির্মাণের পর থেকেই আমতলী উপজেলার চুনাখালীর ওমেনস কর্নারের দোকানগুলোতে কোনো নারী ব্যবসায়ী নেই। ছোটবগী বাজারের দোকানগুলো পুরুষ ব্যবসায়ীরা ব্যবহার করছেন আর তালতলী সদরের ওমেনস কর্নারে তিনজন রাখাইন নারী ব্যবসা চালাচ্ছেন। একইভাবে বরগুনা সদরের চালিতাতলী, আয়লা ও বাবুগঞ্জ বাজারে দাকানগুলো পরিত্যক্ত পড়ে আছে। হাটের দিনে কয়েকটি মার্কেটে পুরুষ ব্যবসায়ীরা অস্থায়ী দোকান করলেও বেশির ভাগই অব্যবহূত অবস্থায় রয়েছে। আমতলীর কুকুয়া ইউনিয়নের চুনাখালী বাজারে দেখা গেছে, পুরো ওমেনস কর্নারটিই পরিত্যক্ত পড়ে আছে। দোকানগুলো স্থানীয় বাসিন্দারা খড়-কুটো রাখার কাজে ব্যবহার করছেন। একইভাবে বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী বাজারের কর্নারটি পরিত্যক্ত পড়ে আছে। এলাকার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মোল্লা বলেন, ‘হাটের দিন ছাড়া বাকি ছয় দিন এই কর্নারটি কোনো কাজে ব্যবহার হয় না।’ বালিয়াতলী ইউনিয়নের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া বলেন, ‘সিডরের পর নির্মিত এই টলশেডটির কক্ষ বরাদ্দের জন্য নারী উদ্যোক্তাদের খোঁজা হয়েছিল। কিন্তু কেউ আগ্রহ না দেখানোয় আমরা ওই সময় এসব কক্ষ বরাদ্দ দিতে পারিনি। ফলে পুরো শেডটি এখনো অব্যবহূত পড়ে আছে।’পাথরঘাটার চরদুয়ানি ইউনিয়নের খলিফারহাটের ওমেনস কর্নারটি নির্মাণের পর থেকেই তালাবদ্ধ অবস্থায় আছে। হাটের দিন ছাড়া ব্যবহার হয় না। এই কর্নার নির্মাণের জমিদাতা কাঞ্চন আলী জানান, নির্মাণের পর কোনো নারী ব্যবসায়ী না পাওয়ায় এসব কক্ষ বরাদ্দ দেওয়া যায়নি। বর্তমানে তিনি এই শেডটি দেখাশোনা করছেন। চরদুয়ানি ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, ‘এখানে কোনো নারী উদ্যোক্তা পাওয়া যায়নি বলে এই কর্নারের কক্ষগুলো বরাদ্দ দেওয়া যায়নি। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কেউ আগ্রহ দেখায়নি।’ একইভাবে লেমুয়া বাজারের কর্নারটিও অব্যবহূত অবস্থায় পড়ে আছে। এলজিইডির বরগুনা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘পুঁজি ও সামাজিক রক্ষনশীলতার কারণে নির্মিত ওমেনস কর্নারগুলো জনপ্রিয় করা সম্ভব হয়নি এটা ঠিক। এ ছাড়া আগে নির্মাণ করা ওমেনস কর্নারগুলোয় নারী ব্যবসায়ীদের উপযোগী সুযোগ-সুবিধা ছিল না। সেসব বিবেচনা করে এবার জেলায় নতুন করে আরও তিনটি ওমেনস কর্নার নির্মাণ করা হবে। সেগুলোতে এসব সুযোগ-সুবিধা সংযোজন করা হবে।’