নভেম্বরে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হবে গ্লোবাল প্ল্যাটফরম ফর অ্যাকশনের ‘উইমেন ভেনডরস এক্সিবিশন অ্যান্ড ফোরাম’ শীর্ষক সম্মেলন। ১৯ থেকে ২১ নভেম্বর অনুষ্ঠিত এ সম্মেলনে ৭০০ বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করা হবে। এতে বাংলাদেশের নারী উদ্যোক্তারা কোম্পানির মাধ্যমে প্রকল্প প্রস্তাব জমা দিয়ে এই বিপুল পরিমাণ অর্থ আয় করতে পারেন।গতকাল মঙ্গলবার নগরের এক হোটেলে কমনওয়েলথ সচিবালয় আয়োজিত সংবাদ সম্মেলনে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব বিজনেস অ্যান্ড প্রফেশনাল উইমেনের প্রেসিডেন্ট ফ্রেডা মিরিকলিস এ কথা জানান। তিনি বাংলাদেশের নারী উদ্যোক্তাদের এ সুযোগটি গ্রহণ করার জন্য আহ্বান জানান। ফ্রেডা বলেন, নারী ও মেয়েদের পেছনে বিনিয়োগ বাড়ানো হলে তা শুধু পরিবার না, এটি সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সংবাদ সম্মেলনে বেসরকারি সংগঠন ইলেভেশন নেটওয়ার্কসের সহপ্রতিষ্ঠাতা ২৬ বছর বয়সী নারী উদ্যোক্তা বারবারা কাসুমু তাঁর উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের ক্ষেত্রে যেসব বাধা ছিল তা তুলে ধরেন। তিনি বলেন, উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে নারী বলে প্রথম ধাক্কাটা আসে। তারপর বিনিয়োগের স্বল্পতা, পর্যাপ্ত জ্ঞান না থাকাসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। সংবাদ সম্মেলনে কমনওয়েলথ বিজনেস কাউন্সিলের উপদেষ্টা আরিফ জামান কমনওয়েলথ বিজনেস কাউন্সিল এবং দি অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউনটেন্টস যৌথভাবে প্রকাশিত ‘পেভিং দি ওয়ে টু অপরচুনিটিস: উইমেন ইন লিডারশিপ একরস দি কমনওয়েলথ’ শীর্ষক প্রকাশনা নিয়ে আলোচনা করেন।