নারী উদ্যোক্তার পোলট্রি খামারে অগ্নিসংযোগ ডিম লুট
গাজীপুরের শ্রীপুর উপজেলার মিটালু গ্রামে সুরুজ বানু নামের এক নারী উদ্যোক্তার পোলট্রি খামারে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ওই অগ্নিসংযোগের ঘটনায় দুলাল (২৮) নামের খামারের এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।এ ঘটনায় তিনি একই গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (৩০) ও মাধবপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শরীফের (২৭) নামে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।সুরুজ বানু অভিযোগ করেন, গত ২৯ অক্টোবর সোমবার দিবাগত রাতে অভিযুক্ত ব্যক্তিরা ওই খামারের নিরাপত্তাকর্মী দুলালকে বেঁধে রেখে প্রায় দুই হাজার ডিম লুট করেন। এ সময় গ্রামবাসী আতিকুল ইসলামকে হাতেনাতে ধরে পরদিন মঙ্গলবার স্থানীয় রাজাবাড়ী ইউনিয়ন পরিষদে সোপর্দ করেন। ওই দিন রাত ১২টার দিকে খামারের পেছনে অগ্নিসংযোগ করা হয়। এতে খামারের কিছু মুরগি ও অবকাঠামো পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ইউনিয়ন পরিষদে বিচার চাওয়ার অপরাধে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি। ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেন জানান, দুষ্কৃতকারীরা সাত কেস ডিম নিয়ে যাওয়ার ঘটনা স্বীকার করেছেন।