চট্টগ্রামে কর্মশালায় বক্তারা বলেছেন, দেশে নারী উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যের মূলধারায় সম্পৃক্ত হচ্ছেন। নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। চট্টগ্রামের নারী উদ্যোক্তারা প্রমাণ করেছেন, সবাই একসঙ্গে নিজেদের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে নিজেদের সমস্যা সমাধান করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব।গতকাল শনিবার দুপুরে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি), সেবা লিমিটেড ও চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে স্থানীয় একটি হোটেলে এ কর্মশালার আয়োজন করা হয়।উইম্যান চেম্বারের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাংসদ চেমন আরা তৈয়ব। অন্যান্যের মধ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আবদুল ওয়াদুদ, আইএফসির অপারেশন উপদেষ্টা লুৎফুল কবির, সেবা লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবসায়িক উপদেষ্টা ফকরুন নাহার ও আবিল বিন আমিন বক্তব্য দেন।মনোয়ারা হাকিম বলেন, ‘বিগত সময়ে আমরা নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে তাঁদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাস গড়ে তুলতে সক্ষম হয়েছি। এখন তাঁরা যেকোনো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে সক্ষম।’ প্রশিক্ষণ কর্মশালায় ৫০ জন নারী উদ্যোক্তাকে এসএমই ব্যবস্থাপনার নানা কৌশল সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়।