নারীর ক্ষমতায়নের লক্ষে মিরসরাইয়ে উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়েছে। এতে সভাপতি ও নির্বাহী কমিটির সাতটি পদ ছাড়া বাকি তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন।
গত ২৭ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচন ও পরবর্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করে উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদাউস। অনুষ্ঠান শুরু হয় উপজেলার দুটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য (মেম্বার) ও কাউন্সিলরদের নিবন্ধনের মাধ্যমে। মহিলা জনপ্রতিনিধিরা নাম নিবন্ধন করে ভোটার হন। মোট ৪৭ জন মহিলা প্রতিনিধি এতে অংশ নেন।
উপস্থিত সবাই নির্বাচনের মাধ্যমে নারী উন্নয়ন ফোরাম গঠনের আগ্রহ প্রকাশ করেন। তিনটি পদের জন্য নয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নারী জনপ্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে সহসভাপতি হিসেবে হাসনা আক্তার, সখিনা বেগমকে সাধারণ সম্পাদক ও শামীমা ইয়াছমিনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করেন। এ ছাড়া শাহানা বেগম, সাহারা বানু, আলেয়া বেগম, দিলশাদ বেগম, মাহমুদা বেগম, রোকেয়া বেগম ও দেল আফরোজকে নির্বাহী সদস্য মনোনীত করা হয়। পরে সকলকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, পদাধিকার বলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারী উন্নয়ন ফোরামের সভাপতি।